উদ্দীপকে অলোকের সিদ্ধান্তটি যে ধরনের আরোহ তাকে কী প্রকৃত আরোহ বলা যায়? বিশ্লেষণ কর। (উচ্চতর দক্ষতা)
1 Answers
উদ্দীপকে উল্লিখিত অলোকের সিদ্ধান্তটি যুক্তিসাম্যমূলক আরোহ। যুক্তিসাম্যমূলক আরোহকে প্রকৃত আরোহ বলা যায় না। নিচে এ সম্পর্কে আলোচনা করা হলো-
প্রথমত : যুক্তিসাম্যমূলক আরোহের সিদ্ধান্ত ঘটনার নিরীক্ষণ বা পর্যবেক্ষণের উপর ভিত্তি করে স্থাপিত হয় না। অথচ প্রকৃত ঘটনা নিরীক্ষণ বা পরীক্ষণ বর্তমান। যেমন: 'ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি দুই সমকোণের সমান।'
দ্বিতীয়ত : যুক্তিসাম্যমূলক আরোহে জানা থেকে অজানার উদ্দেশে, নিরীক্ষণ থেকে অনিরীক্ষণের উদ্দেশে আরোহাত্মক লম্ফ উপস্থিত নেই। অথচ প্রকৃত আরোহে আরোহমূলক লম্ফ হচ্ছে তার অন্তঃসার। জ্যামিতিক চিত্র আঁকার সময় এর দৈর্ঘ্য, প্রস্থ, কোণগুলোর আকার ইত্যাদি আমরা নিরীক্ষণ করি না, এতে ভুলের আশঙ্কা থাকে। আর তা কখনও সার্বিক সিদ্ধান্ত হতে পারে না।
তৃতীয়ত: যুক্তিসাম্যমূলক আরোহে 'চিত্র' একটি 'প্রতীক' হিসেবে কাজ করলেও তা বাস্তব বা মূর্ত দৃষ্টান্ত হিসেবে উপস্থাপিত হতে পারে না। পক্ষান্তরে প্রকৃত আরোহের দৃষ্টান্তসমূহ বাস্তব থেকে সংগৃহীত। তাই কার্ডের্থ রিড বলেন, "চিত্র বা ক্ষেত্র কোনো নিরীক্ষিত ঘটনার দৃষ্টান্ত হিসেবে ব্যবহৃত হয় না; বরং একটা ব্যাপকতর যুক্তি অনুসারে আমাদের অভিনিবেশের সহায়করূপেই ব্যবহৃত হয়।" কাজেই যুক্তিসাম্যমূলক আরোহকে প্রকৃত আরোহ বলা সমীচীন নয়।
চতুর্থত: যুক্তিসাম্যমূলক আরোহকে 'জ্যামিতিক যুক্তিপদ্ধতি' বলে মনে করা হয়। কিন্তু এটাকে আরোহমূলক লম্ফ বলা যায় না, বরং অবরোহাত্মক বলা চলে। সুতরাং যুক্তিসাম্যমূলক আরোহ চূড়ান্ত বিশ্লেষণে অবরোহমূলক পদ্ধতি।
উপরিউক্ত আলোচনার পরিপ্রেক্ষিতে এ কথা বলা যায়, যুক্তিসাম্যমূলক আরোহকে কোনোক্রমেই 'প্রকৃত আরোহ' বলে গণ্য করা চলে না।