1 Answers
উদ্দীপকে বিথী ও ইতির আলোচনায় আমরা খাসিয়া সম্প্রদায়ের সাথে চাকমা সমাজ ও পরিবার কাঠামোর ব্যাপক অমিল খুঁজে পাই।
খাসিয়া সমাজ মূলত মাতৃতান্ত্রিক। তাদের সমাজে ছেলেমেয়েরা সবাই মায়ের পদবি ধারণ করে থাকে এবং মায়ের পরিচয়ে পরিচিত হয়। বিয়ের পরও কন্যা সন্তানগণ স্বামীসহ পিতৃগৃহে বসবাস করে। পারিবারিক সম্পত্তির অধিকার সব সময়ই মেয়েদের ওপর ন্যস্ত থাকে। সব কন্যা সন্তান নয় বরং নির্বাচিত কন্যা সন্তানকেই সম্পত্তির উত্তরাধিকারী করা হয়। সর্বকনিষ্ঠ কন্যাসন্তানকেই পারিবারিক সম্পত্তির উত্তরাধিকারিনী করা হয় যিনি খাসিয়া সমাজে 'কা খাদ্দু' নামে পরিচিত। তার ওপর বৃদ্ধ পিতামাতা ও অবিবাহিত ছোট ভাই-বোনদের দায়িত্ব বর্তায়। তাদের সমাজে মায়ের বড় ভাইয়ের ক্ষমতা অত্যন্ত গুরুত্বপূর্ণ যা স্বামীর চেয়েও বেশি। ফলে খাসিয়া সমাজে মায়ের ক্ষমতার প্রাধান্য বেশি। খাসিয়া সমাজে পুরুষরা নিজ সংসারে স্ত্রীর চেয়ে কম ক্ষমতাবান হলেও বোন বা মায়ের সংসারে একজন ক্ষমতাবান ব্যক্তিতে পরিগণিত হয়। অন্যদিকে চাকমা সমাজ পিতৃতান্ত্রিক এবং পিতৃসূত্রীয়। অর্থাৎ চাকমা পরিবারে ক্ষমতা পিতা বা বয়স্ক পুরুষের হাতে থাকে। আবার সম্পত্তি বংশ পরিচয় পিতা থেকে পুত্রে বর্তায়। কন্যা সন্তান পিতার সম্পত্তির মালিকানা পায় না। তবে পুত্র সন্তান না থাকলে মেয়েরা পিতার সম্পত্তির মালিকানা পায়। চাকমা বিবাহিত দম্পতি বিয়ের পর স্বামীর পিতার গৃহে বা স্বামীর নিজ গৃহে বসবাস করে।
সুতরাং বলা যায়, উদ্দীপকের আলোচিত খাসিয়াদের পরিবার কাঠামোর সাথে চাকমাদের পরিবার কাঠামোর প্রভূত অমিল পরিলক্ষিত হয়।