1 Answers
উদ্দীপকের শাহানাজ বেগম তথ্য অধিকার আইনের সহায়তায় তার কাঙ্ক্ষিত তথ্য পেলেন।
তথ্য অধিকার অর্থ কোনো কর্তৃপক্ষের কাছ থেকে তথ্য প্রাপ্তির অধিকার। জনগণের মৌলিক অধিকার রক্ষায় তথ্য অধিকার আইন একটি যুগান্তকারী আইন। তথ্যের অবাধ প্রবাহ এবং জনগণের তথ্য অধিকার নিশ্চিতকরণের জন্য জাতীয় সংসদ ৩০ মার্চ, ২০০৯ তারিখে একটি বিল অনুমোদন করে। এরপর ৫ এপ্রিল, ২০০৯ সেটি 'তথ্য অধিকার আইন' নামে রাষ্ট্রপতির সম্মতি লাভ করে। এ আইনটি নাগরিকসেবা, সামাজিক নিরাপত্তাসহ বিভিন্ন সুবিধা, সরকারি প্রকল্প ইত্যাদি সম্পর্কে প্রয়োজনীয় তথ্য পেতে সাধারণ মানুষকে ব্যাপকভাবে সহায়তা করছে।
উদ্দীপকে দেখা যায়, শাহানাজ বেগম তার বিয়ের কাবিননামার কপি ও বিভিন্ন তথ্য জানার জন্য কাজী অফিসে যান। কিন্তু কাজী সাহেব তাকে সহযোগিতা না করে বরং হয়রানি করেন। শাহানাজ নির্দিষ্ট সময়ের মধ্যে তথ্য না পাওয়ায় একজন শিক্ষকের পরামর্শে যথাযথ কর্তৃপক্ষের কাছে আপিল করেন এবং প্রয়োজনীয় তথ্য পেতে সক্ষম হন। এটি সম্ভব হয় তথ্য অধিকার আইন প্রয়োগের ফলে। কেননা, এ আইন অনুসারে কর্তৃপক্ষের কাছ থেকে প্রত্যেক নাগরিকের তথ্য লাভের অধিকার রয়েছে। নিয়ম অনুযায়ী আবেদন করলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তথ্য সরবরাহ করতে বাধ্য থাকবে। তথ্য দিতে অস্বীকৃতি জানানো হলে নাগরিকরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আপিল করতে পারবেন।