1 Answers
উদ্দীপকের রাহাতের উক্তি তথা দীর্ঘদিনের বিবর্তনের মাধ্যমে রাষ্ট্র গড়ে উঠেছে- উক্তিটি যথার্থ।
সুনির্দিষ্ট ভূখণ্ডে স্থায়ীভাবে বসবাসকারী, সুসংগঠিত সরকারের প্রতি স্বভাবজাতভাবে আনুগত্যশীল, বহিঃশত্রুর নিয়ন্ত্রণ হতে মুক্ত স্বাধীন জনসমষ্টিকে রাষ্ট্র বলে। রাষ্ট্রের উৎপত্তি সম্পর্কে কতগুলো মতবাদের মধ্যে ঐতিহাসিক বা বিবর্তনমূলক মতবাদ সবচেয়ে যুক্তিযুক্ত ও গ্রহণযোগ্য মতবাদ।
ঐতিহাসিক বা বিবর্তনমূলক মতবাদের মূল বক্তব্য হলো- রাষ্ট্র কোনো একটি বিশেষ কারণে হঠাৎ করে সৃষ্টি হয়নি। দীর্ঘদিনের বিবর্তনের মাধ্যমে সমাজের বিভিন্ন শক্তি ও উপাদান ধীরে ধীরে পরিবর্তিত হতে হতে রাষ্ট্রের উৎপত্তি হয়েছে। যেসব উপাদানের কার্যকারিতার ফলে রাষ্ট্রের উৎপত্তি হয়েছে, সেগুলো হলো- সংস্কৃতির বন্ধন, রক্তের বন্ধন, ধর্মের বন্ধন, যুদ্ধবিগ্রহ, অর্থনৈতিক ও রাজনৈতিক চেতনা ও কার্যকলাপ। ঐতিহাসিক বা বিবর্তনমূলক মতবাদ সম্পর্কে ডঃ গার্নার বলেন, “রাষ্ট্র বিধাতার সৃষ্টি নয়, বল প্রয়োগের মাধ্যমেও সৃষ্টি হয়নি, বরং ঐতিহাসিক ক্রমবিবর্তনের ফলে রাষ্ট্রের উৎপত্তি হয়েছে।" বস্তুত ঐতিহাসিক বা বিবর্তনমূলক তত্ত্বে রাষ্ট্রের উৎপত্তির সঠিক ব্যাখ্যা পাওয়া যায়। আসলে বর্তমানের প্রায় সকল রাষ্ট্রই বহুযুগের বিবর্তনের ফল।
উপরের আলোচনার প্রেক্ষিতে বলা যায়, উদ্দীপকের রাহাতের রাষ্ট্রের উৎপত্তি সম্পর্কিত বিবর্তনমূলক উক্তিটি যথার্থ।