1 Answers
শিক্ষার্থীদের মতামতগুলো সম্পূর্ণরূপে সঠিক নয়।
পৌরনীতি ও নাগরিকতা বিষয়টি পাঠের মাধ্যমে নাগরিকের অধিকার ও কর্তব্য সম্পর্কে জানা যায়। তাছাড়া সুনাগরিকতার বৈশিষ্ট্য, সুনাগরিকতা অর্জনের প্রতিবন্ধকতা এবং তা দূর করার উপায় পৌরনীতি ও নাগরিকতা বিষয়ে আলোচনা করা হয়। পৌরনীতি ও নাগরিকতা বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক প্রতিষ্ঠান যেমন- পরিবার, সমাজ, রাষ্ট্র, নির্বাচন, রাজনৈতিক দল ইত্যাদির উৎপত্তি, প্রকৃতি ও কার্যাবলি নিয়ে আলোচনা করে। তাছাড়া সামাজিক মূল্যবোধ, আইন, স্বাধীনতা ও সাম্য, সংবিধান, জনমত প্রভৃতি পৌরনীতি ও নাগরিকতার আলোচ্য বিষয়। এছাড়া স্থানীয়, জাতীয় ও আন্তর্জাতিক প্রতিষ্ঠানের গঠন, কার্যাবলি, অবদান এবং নাগরিকের সাথে এসব প্রতিষ্ঠানের সম্পর্ক নিয়ে পৌরনীতি ও নাগরিকতা বিষয়ে আলোচনা করা হয়। এছাড়া পৌরনীতি ও নাগরিকতা বিষয়টি নাগরিকের অতীত, বর্তমান ও ভবিষ্যৎ নিয়ে আলোচনা করে।
উদ্দীপকে দেখা যায়, পৌরনীতি ও নাগরিকতা বিষয়টি পাঠের প্রয়োজনীয়তা সম্পর্কে শিক্ষকের প্রশ্নের জবাবে আবরার বলে, নাগরিকদের অধিকার সম্পর্কে ধারণা লাভের জন্য। মাশরুর বলে, মূল্যবোধ সম্পর্কে জানার জন্য। ইরফান বলে, রাষ্ট্রের কাঠামো সম্পর্কে জানার জন্য এবং তিতলী বলে, স্থানীয়, জাতীয় ও আন্তর্জাতিক প্রতিষ্ঠানের গঠন, কার্যাবলি ও অবদান জানার জন্য। শিক্ষার্থীদের এসব বক্তব্যে পৌরনীতি ও নাগরিকতার আলোচ্য বিষয়ের অনেক দিক প্রকাশিত হলেও সম্পূর্ণ বিষয়গুলো প্রকাশিত হয়নি। তাই বলা যায়, শিক্ষার্থীদের মতামতগুলো সম্পূর্ণরূপে যথার্থ নয়।