রিপনের মানসিক বিকাশ সমৃদ্ধ না হওয়ায় পরিবারের যে কাজটি ব্যাহত হয়েছে তার ব্যাখ্যা দাও। (প্রয়োগ)
1 Answers
রিপনের পরিপূর্ণ মানসিক বিকাশ না হওয়ায় পরিবারের মনস্তাত্ত্বিক কাজ ব্যাহত হয়েছে।
পরিবার একটি শাশ্বত ও মানবিক প্রতিষ্ঠান। পরিবার থেকে শিশু উদারতা, সহনশীলতা, সহমর্মিতা প্রভৃতি গুণ শিক্ষা লাভ করে, যা তাদের মানসিক বিকাশ ঘটায়। আবার একজন সদস্য নিজের সুখ-দুঃখ, আনন্দ-বেদনা পরিবারের অন্যান্য সদস্যের সাথে ভাগাভাগি করে প্রশান্তি লাভ করে। কোনো বিষয়ে মন খারাপ হলে পরিবারের অন্য সদস্যের সাথে আলাপ-আলোচনা করে তার সমাধান করা যায়। এসব আলোচনা মানসিক ক্লান্তি মুছে দিতে সাহায্য করে। আর এগুলো পরিবারের মনস্তাত্ত্বিক কাজ।
উদ্দীপকে রিপনের ক্ষেত্রে পরিবারের মনস্তাত্ত্বিক কাজের ব্যত্যয় ঘটেছে। এখানে দেখা যাচ্ছে, বাবা-মা দুজনেই কর্মজীবী হওয়ায় রিপনকে ছোটবেলা থেকেই হোস্টেলে থেকে পড়াশোনা করতে হয়। সে ছুটিতে বাড়িতে এলেও নানা ব্যস্ততার কারণে তার বাবা-মা তাকে বেশি সময় দিতে পারেন না। ফলে বেশিরভাগ সময় রিপনকে একা থাকতে হয়। এজন্য সে নিজের সুখ-দুঃখ, আনন্দ-বেদনা কারও সাথে ভাগাভাগি করতে পারে না এবং অন্যের সুখ-দুঃখেও আনন্দ কিংবা কষ্ট পায় না। সুতরাং বলা যায়, রিপনের এ মানসিক অবস্থাটি পরিবারের মনস্তাত্ত্বিক কাজ ব্যাহত হওয়াকেই নির্দেশ করে।