1 Answers
জামিল ঐতিহাসিক স্বদেশী আন্দোলনের আদর্শে অনুপ্রাণিত হয়ে তার বিয়েতে দেশীয় পণ্য কিনতে চায়।
ব্রিটিশ সরকারের বঙ্গভঙ্গের বিরুদ্ধে নিয়মতান্ত্রিক আন্দোলন ব্যর্থ হলে কংগ্রেসের উগ্রপন্থী অংশের নেতৃত্বে স্বদেশী আন্দোলন গড়ে ওঠে। এ আন্দোলনের মূল কর্মসূচি ছিল দুটি- বয়কট ও স্বদেশী। বয়কট আন্দোলনের উদ্দেশ্য ছিল বিলেতি পণ্য ও শিক্ষা বর্জন। আর স্বদেশী আন্দোলনের উদ্দেশ্য ছিল দেশীয় পণ্য ব্যবহার করা। এই আন্দোলনে গ্রামে-গঞ্জে ও শহরে প্রকাশ্যে বিলেতি অর্থাৎ ইংল্যান্ডে তৈরি পণ্য পুড়িয়ে ফেলা হয় এবং দেশীয় পণ্য ব্যবহারের শপথ গ্রহণ করা হয়। এভাবে ব্রিটিশ সরকারের ওপর আর্থিক চাপ সৃষ্টি করতে ভারতবাসীকে দেশীয় পণ্য ব্যবহারে উৎসাহিত করা হয়।
উদ্দীপকে দেখা যায়, জামিল তার বিয়েতে বাজার করতে গিয়ে দেশীয় পণ্য কিনতে আগ্রহ প্রকাশ করে। দেশে তৈরি পণ্যের প্রতি জামিলের এই আগ্রহ ভারতের ইতিহাসের এক উল্লেখযোগ্য পর্ব স্বদেশী আন্দোলন দ্বারা অনুপ্রাণিত। কেননা স্বদেশী আন্দোলনেও ইংল্যান্ড তথা ইউরোপে তৈরি পণ্য বর্জন করে দেশীয় পণ্য ব্যবহারের শপথ গ্রহণ করা হয়। স্বদেশী আন্দোলনের ফলে ভারতবর্ষে বিলেতি পণ্যের চাহিদা অনেক কমে যায়। দেশীয় পণ্যের ব্যবহার ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছিল। তাই বলা যায়, উদ্দীপকের জামিল স্বদেশী আন্দোলনের আদর্শে অনুপ্রাণিত হয়ে দেশীয় পণ্য কিনতে আগ্রহী হয়েছে।