1 Answers
হ্যাঁ, আমি মনে করি, বর্তমান নারী শিক্ষার অগ্রগতিতে বেগম রোকেয়ার অবদান ছিল খুবই গুরুত্বপূর্ণ।
বিশ শতকের শুরুতে ব্রিটিশ শাসনের প্রভাবে যখন ভারতবর্ষের ঘরে ঘরে শিক্ষার আলো জ্বলছে, বাঙালি মুসলমান মেয়েরা তখনও পিছিয়ে ছিল। বাংলার মুসলমান সমাজের মেয়েরা অন্যান্য সামাজিক অধিকারের পাশাপাশি শিক্ষার অধিকার থেকেও বঞ্চিত ছিল। এর কারণ ছিল ধর্মীয় ও সামাজিক গোঁড়ামি। মুসলমান মেয়েদের এই অবস্থা থেকে মুক্তি দিতে সংকল্পবদ্ধ হন বেগম রোকেয়া। তিনি নিজে বড় ভাইয়ের আন্তরিক উৎসাহে উর্দু, আরবি, ফারসি, বাংলা ও ইংরেজি ভাষা শিক্ষালাভ করেন। পত্রপত্রিকায় নিবন্ধ প্রকাশ ও বই লেখার মাধ্যমে তিনি তৎকালীন অবহেলিত নারী সমাজকে শিক্ষা সচেতন করার চেষ্টা করেন। তার রচনাগুলো মূলত ছিল নারীশিক্ষা ও নারী জাগরণকেন্দ্রিক। সেসব লেখা আজও বাংলার নারীদের প্রেরণা যোগায়।
বেগম রোকেয়ার সময় থেকে বাংলার নারী সমাজের অবস্থার এখন অনেক উন্নতি হয়েছে। শিক্ষা ও কর্মক্ষেত্রে নারীদের অনেক অগ্রগতি হয়েছে। পুরুষের পাশাপাশি নারীরাও সমাজ ও দেশের উন্নয়নে যথেষ্ট অবদান রাখছে। বাংলার মেয়েদের আজকের এ অগ্রগতির নেপথ্যে অনন্য ভূমিকা রেখেছেন বেগম রোকেয়া ও তার উত্তরসূরী নারীরা।
উপরের আলোচনার পরিপ্রেক্ষিতে তাই আমি মনে করি, বাংলাদেশে নারী শিক্ষার বর্তমান অগ্রগতিতে বেগম রোকেয়ার অবদান ছিল গুরুত্বপূর্ণ। সে যুগে বেগম রোকেয়া যদি নারী শিক্ষার বাধাগুলো দূর করায় কাজ না করতেন তাহলে হয়তো আজকের নারীদের আধুনিক শিক্ষার সুযোগ সৃষ্টি হতো না।