1 Answers
উদ্ভিদের ফল ও বীজ উৎপাদনে এবং মানবজাতির অস্তিত্ব রক্ষায় নিষেকের তাৎপর্য অপরিসীম। নিচে নিষেকের তাৎপর্য বিশ্লেষণ করা হলো-
জীবে যৌন জননের জন্য নিষেক অপরিহার্য। এটি একটি জৈবিক প্রক্রিয়া। যৌন জননে ডিম্বাণু ও শুক্রাণুর মিলনকে নিষেক বলে। সপুষ্পক উদ্ভিদে পরাগায়নের পর নিষেক ঘটে থাকে। নিষেকের পর নিষিক্ত ডিম্বাণু তথা ডিম্বক এবং গর্ভাশয়ের মধ্যে বিভিন্ন ধরনের পরিবর্তন ঘটে। নিষেকের পর দ্রুত বৃদ্ধি, বিকাশ এবং পরিবর্তনের ফলে ডিম্বক বীজে পরিণত হয়। নিষেক ছাড়া সাধারণত ডিম্বক বীজে পরিণত হয় না। ডিম্বকের অভ্যন্তরে নিষিক্ত ডিম্বাণু ভ্রূণে এবং ডিম্বকত্বক বীজত্বকে পরিণত হয়। অন্যদিকে নিষেকের পর গর্ভাশয়ে উদ্দীপনা সৃষ্টি হয় এবং বিভিন্ন ধরনের হরমোনের ক্রিয়ার ফলে গর্ভাশয় পরিবর্তিত হয়ে ফলে পরিণত হয়। নিষেক না ঘটলে গর্ভাশয় পরিবর্তিত হয়ে ফলে রূপান্তরিত হতে পারে না। অন্যদিকে, মানুষের যৌন জননের সময় ডিম্বাণুর সাথে শুক্রাণুর মিলনের মাধ্যমে নিষেক সম্পন্ন হয়। নিষেকের ফলে সৃষ্ট জাইগোট থেকে বার বার কোষ বিভাজনের মাধ্যমে ধীরে ধীরে ভ্রূণ এবং ভ্রূণ থেকে পরবর্তীতে শিশু সন্তানের জন্ম হয়। এই শিশু সন্তানই মানবজাতির অস্তিত্ব রক্ষা করে।
সুতরাং উদ্ভিদের ফল ও বীজ এবং মানবজাতির অস্তিত্ব রক্ষায় নিষেক ক্রিয়ার গুরুত্ব অপরিসীম।