1 Answers
হ্যাঁ, উক্ত সৈনিক অর্থাৎ ইখতিয়ার উদ্দিন মুহম্মদ বিন বখতিয়ার খলজির হাত ধরেই বাংলায় তুর্কি তথা মুসলমান শাসন প্রতিষ্ঠার সূচনা হয়।
শিহাবউদ্দিন ঘোরি (মুহাম্মদ ঘোরি, ১১৭৩-১২০৬ সালে) ভারতবর্ষে মুসলিম শাসন প্রতিষ্ঠা করলেও তা উত্তর ভারতের মধ্যেই সীমাবদ্ধ ছিল। এ সময় বাংলার শাসন ক্ষমতায় সেন শাসকরা ছিল। তখন দূরত্ব, দুর্গমতা এবং বাংলার শাসকদের শক্তিশালী অবস্থানের কারণে বাংলায় মুসলিম শাসন প্রতিষ্ঠা করা সম্ভব হয়নি। পরবর্তীতে ১২০৪ সালে কুতুবউদ্দিন আইবেকের সেনাপতি বখতিয়ার খলজি বাংলা জয় করে যে শাসন প্রতিষ্ঠা করেন তাই ছিল বাংলায় প্রতিষ্ঠিত প্রথম' মুসলিম শাসন। সমকালীন ইতিহাসবিদ মিনহাজ উস সিরাজ রচিত 'তবকাত-ই-নাসিরী' গ্রন্থও এ তথ্যকে সমর্থন করে। বখতিয়ার খলজির বাংলা বিজয়ের পূর্বে বঙ্গভূমিতে আরব বণিক, ইসলাম প্রচারক ও সুফি-সাধকদের আগমন ঘটেছিল। তাদের মাধ্যমে এ অঞ্চলে ইসলামের ব্যাপক প্রসার ঘটেছে। তবে তারা মুসলিম শাসন কায়েম করতে পারেননি। প্রকৃতপক্ষে বখতিয়ার খলজি বাংলার উত্তর ও উত্তর- পশ্চিমাংশে সেন শাসনের অবসান ঘটিয়ে মুসলমান শাসনের সূচনা করেন।
উপরের আলোচনার পরিপ্রেক্ষিতে বলা যায়, ইখতিয়ার উদ্দিন মুহম্মদ বিন বখতিয়ার খলজির বঙ্গ বিজয়ের পূর্বে এ অঞ্চলে ইসলামের আগমন ঘটলেও তিনিই সর্বপ্রথম বাংলায় মুসলিম শাসন প্রতিষ্ঠা করেন।