রুপার মতো মেয়েদের সহিংসতার হাত থেকে রক্ষা করা সকলের দায়িত্ব ও কর্তব্য- বিশ্লেষণ কর। (উচ্চতর দক্ষতা)
1 Answers
উদ্দীপকে উল্লিখিত রূপা তার অফিসের দু-একজন সহকর্মী, বাসায় শ্বশুর-শাশুড়ি ও ননদ কর্তৃক শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হন। এমনকি পথচারী কর্তৃক বিভিন্নভাবে হেনস্তা হতে দেখা যায়। উদ্দীপকের রূপার মতো অসংখ্য নারীরা প্রতিনিয়ত বিভিন্ন সহিংসতার শিকার হচ্ছে। প্রতিদিন পত্রিকার পাতায় কিংবা টিভির পর্দায় চোখ রাখলেই দেখা যায় দেশের বিভিন্ন গ্রামগঞ্জে ও শহরে নারীরা সহিংসতার শিকার হচ্ছে। এসব সহিংসতার মধ্যে রয়েছে- নারীদের গায়ে এসিড নিক্ষেপ, ফতোয়ার অজুহাতে অসৎ উদ্দেশ্য চরিতার্থ করা, যৌন হয়রানি, নির্যাতন, ধর্ষণ, যৌতুকের জন্য শারীরিক ও মানসিক নির্যাতন, সম্পত্তির অধিকার থেকে বঞ্চিত করা, অত্যধিক কাজে বাধ্য করা, কন্যাশিশুকে মারপিট করা ইত্যাদি। এছাড়াও দেখা যায়, গ্রামগঞ্জের দরিদ্র ও অসহায় নারীদের বিভিন্ন প্রকার চাকরি দেওয়ার নাম করে বিদেশে পাচার ও পতিতাবৃত্তির মতো জঘন্য কাজে বাধ্য করা। নারীদেরকে এ সমস্ত সহিংসতার হাত থেকে রক্ষা করা আমাদের সকলের দায়িত্ব ও কর্তব্য। কারণ নারীরাও মানুষ, নারীরা মায়ের জাত। পরিবার, সমাজ এবং দেশের ভালো কাজে নারীদের প্রচুর অবদান রয়েছে। মায়ের শারীরিক ও মানসিক সুস্থতার ওপর সন্তানের শারীরিক ও মানসিক সুস্থতা নির্ভরশীল। এ থেকে বোঝা যায়, নারীরা আমাদের পরিবার, সমাজ ও দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।
সুতরাং বলা যায়, নারী তথা মেয়েদের সহিংসতার হাত থেকে রক্ষা করা আমাদের সকলের দায়িত্ব ও কর্তব্য।