1 Answers
সালেহার কোমরের ও পায়ের ব্যথা দূর করতে ভিটামিন 'ডি' বা ক্যালসিফেরল কার্যকর ভূমিকা রাখতে পারে।
ভিটামিন 'ডি' এর রাসায়নিক নাম ক্যালসিফেরল। এটি রিকেট রোগ প্রতিরোধ করে বলে একে রিকেট প্রতিরোধক ভিটামিন বলে। এটি চর্বিতে দ্রবণীয় কিন্তু পানিতে অদ্রবণীয়।
তৃতীয় সন্তানের জন্ম হওয়ার পর সালেহার দেহে ক্যালসিয়াম ও ফসফরাস কমে যায়। তার কোমরে ও পায়ে ব্যথা হয়। সে ঠিকমতো দাঁড়াতে পারে না এবং খুব দুর্বল হয়ে পড়ে। ভিটামিন 'ডি' এর অভাবে গর্ভবতী, স্তন্যদানকারী মা এবং বয়স্কদের অস্টিওম্যালেসিয়া রোগ হয়। এ রোগে হাড় থেকে ক্যালসিয়াম ও ফসফরাস ক্ষয় হয়ে যায়; ফলে হাড় নরম ও দুর্বল হয়ে পড়ে। এই রোগে কোমরে ও পায়ে ব্যথা হতে পারে; ক্রমশ পা দুর্বল হয়ে যায় ও হাতের উপর ভর দিয়ে চলতে হয়। এক পর্যায়ে পায়ের হাড় ও মেরুদণ্ড বেঁকে যেতে পারে। সালেহা অস্টিওম্যালেসিয়া রোগে আক্রান্ত। তার ভিটামিন 'ডি' সমৃদ্ধ খাবার যেমন- কড, শার্ক ও হ্যালিবার্ট মাছের তেল, কলিজা, দুধজাতীয় খাদ্য, ডিমের কুসুম ইত্যাদি পর্যাপ্ত পরিমাণে খেতে হবে। আমাদের ত্বকের নিচে কোলেস্টেরল থাকে। সূর্যের অতিবেগুনি রশ্মির সহায়তায় কোলেস্টেরল থেকে ভিটামিন 'ডি' তৈরি হয়। তাই সালেহাকে প্রতিদিন কিছু সময় সূর্যের আলোতে থাকতে হবে। উল্লিখিত বিষয়গুলো মেনে চললে অস্টিওম্যালেসিয়া প্রতিরোধ করা সম্ভব হবে।
সুতরাং, সালেহার কোমর ও পায়ের ব্যথা দূর করতে ভিটামিন 'ডি' বা ক্যালসিফেরল কার্যকর ভূমিকা রাখতে পারে।