1 Answers
উদ্দীপকের ঘটনাটি স্বামী বিবেকানন্দের বিশ্বধর্ম সম্মেলনে বক্তৃতা দেওয়ার ঘটনাকে স্মরণ করিয়ে দেয়।
সাধক শ্রীরামকৃষ্ণের একান্ত অনুগামী স্বামী বিবেকানন্দ। শ্রীরামকৃষ্ণের নিকট তিনি ত্যাগের মন্ত্রে দীক্ষা নেন। তিনি বিশ্বধর্ম সম্মেলনে যে বক্তৃতা প্রদান করেন তা বিশ্বব্যাপী বিশেষ পরিচিতি লাভ করে। উদ্দীপকের কৃপাসিন্ধু বাবুও আমেরিকায় বিশ্বধর্ম সম্মেলনে যোগ দেন এবং তার বক্তব্য সকলকে মুগ্ধ করে। সম্মেলনে তিনি শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হন। এ ঘটনা স্বামী বিবেকানন্দের বক্তৃতা প্রদানের ঘটনাকেই স্মরণ করিয়ে দেয়। ১৮৯৩ খ্রিষ্টাব্দে বিবেকানন্দ আমেরিকা যান এবং শিকাগো শহরে অনুষ্ঠিত বিশ্বধর্ম সম্মেলনে বক্তৃতা দেন। তিনি তাঁর বক্তৃতায় বলেন, "হিন্দুধর্ম পৃথিবীর সকল ধর্মকে সমান সত্য মনে করেন। সব ধর্মেরই লক্ষ্য এক। নদীসমূহ যেমন এক সাগরে গিয়ে মিলিত হয়, তেমনি সকল ধর্মেরই লক্ষ্য এক ঈশ্বরলাভ। তাই বিবাদ নয়, সহায়তা; বিনাশ নয়, পরস্পরের ভাবগ্রহণ; মতবিরোধ নয়, সমন্বয় ও শান্তি।' তিনি আরও বলেন, 'খ্রিষ্টানকে হিন্দু বা বৌদ্ধ হতে হবে না; অথবা হিন্দু বা বৌদ্ধকে খ্রিষ্টান হতে হবে না; কিন্তু প্রত্যেক ধর্মই অন্যান্য ধর্মের সারভাগগুলো গ্রহণ করে পুষ্টিলাভ করবে এবং নিজস্ব বিশেষত্ব বজায় রেখে নিজ প্রকৃতি অনুসারে বিকাশ লাভ করবে।' বিবেকানন্দের এই বক্তৃতায় সবাই মুগ্ধ হন। ধর্মসভার বিচারে তিনি হন শ্রেষ্ঠ বক্তা। ধর্মসভায় বক্তৃতার পর সারা আমেরিকায় বিবেকানন্দের নাম ছড়িয়ে পড়ে। বিভিন্ন জায়গা থেকে আমন্ত্রণ আসে বক্তৃতার জন্য। তিনিও হিন্দু ধর্ম-দর্শন, বিশেষত বেদান্ত দর্শন ও মানবধর্ম সম্পর্কে একের পর এক বক্তৃতা দিয়ে আমেরিকা জয় করেন। এরপর তিনি যান ইউরোপ। ইংল্যান্ড, ফ্রান্স, ইতালি প্রভৃতি দেশে একের পর এক বক্তৃতা দেন। তিনি বেদান্ত দর্শনের প্রকৃত সত্য তুলে ধরেন।