1 Answers
উদ্দীপকে পাঠ্যপুস্তকের আইনের ধারণার প্রতিফলন ঘটেছে।
শোয়েবকে বাংলাদেশি আরেক ছাত্র অস্ট্রেলিয়ার কিছু নিয়মকানুন, রীতিনীতি সম্পর্কে লিখিত বই প্রদান করে এবং মৌখিকভাবেও কিছু নিয়মনীতির কথা শোনায়। এতে আইনের ধারণা স্পষ্টভাবে লক্ষণীয়। সাধারণভাবে আইন বলতে সামাজিক ব্যবস্থায় সম্মিলিত জীবনযাপনের ক্ষেত্রে মানুষ কর্তৃক অনুসরণকৃত কিছু লিখিত ও অলিখিত বিধিবিধানকে বোঝায়। মানুষের আচরণকে নিয়ন্ত্রণ করা এবং সমাজে শৃঙ্খলা বজায় রাখার জন্য অধিকাংশ মানুষই এ নিয়মকানুনসমূহ মেনে চলে। সুতরাং আইন হচ্ছে বিভিন্ন ধরনের নিয়মকানুন, রীতিনীতি বা বিধিবিধান। সামাজিক জীবনে যেসব গণ্ডিবিধি বা রীতিনীতি মানুষ মেনে চলে তা হচ্ছে সামাজিক আইন। আর রাষ্ট্রীয় কাঠামোর বিভিন্ন জাতীয় নীতিমালার প্রেক্ষিতে এবং মানুষের আচরণ নিয়ন্ত্রণ করতে কিংবা সমাজে সৃষ্ট বিভিন্ন সমস্যা প্রতিরোধে সার্বজনীনভাবে সরকার কর্তৃক গৃহীত বিভিন্ন আদেশ-নির্দেশই রাষ্ট্রীয় আইন নামে পরিগণিত। টি. এইচ. গ্রিন বলেছেন, "রাষ্ট্র কর্তৃক আরোপিত অধিকার এবং বাধ্যবাধকতাসমূহ আইন।” সুতরাং সমাজ ও রাষ্ট্র কর্তৃক স্বীকৃত এবং মানুষের সামাজিক কল্যাণের জন্য গৃহীত সুনির্দিষ্ট নিয়মের সমষ্টিকেই আইন বলে। সুতরাং বলা যায়, উদ্দীপকে পাঠ্যপুস্তকের আইনের ধারণারই প্রতিফলন হয়েছে।