1 Answers
পারিবারিক, সামাজিক ও নৈতিক জীবনে মাদকাসক্তির প্রভাব অত্যন্ত নেতিবাচক।
মাদকাসক্তি অনৈতিক এবং অধর্মের পথ। একজন মাদকাসক্ত ব্যক্তির নৈতিক মূল্যবোধের অবক্ষয় ঘটে থাকে। ফলে পরিবারের পাশাপাশি সমাজ জীবনেও সে বিশৃঙ্খলার সৃষ্টি করে থাকে। তার ধ্বংসাত্মক আচরণ পরিবার ও সমাজের জন্য অত্যন্ত ক্ষতিকর। মাদকাসক্তি দৈহিক, মানসিক, আর্থিক ও সামাজিক ক্ষতি সাধন করে। মাদক গ্রহণে নানা প্রকার অসুখ হয় এবং মাদকাসক্ত ব্যক্তি স্বাভাবিক জীবনযাপন থেকে দূরে সরে যায়। মাদকদ্রব্য ক্রয় করার জন্য অর্থ সংগ্রহ করতে না পেরে মাদকাসক্ত ব্যক্তি অসদুপায় অবলম্বন করতেও দ্বিধাবোধ করে না। ফলে পরিবার ও সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি হয়। মাদকাসক্তির কারণে পারিবারিক ও সামাজিক বন্ধন শিথিল হয়ে যায়। মাদকাসক্তি মানুষকে সুস্থ-স্বাভাবিক জীবনযাপন করতে বাধা প্রদান করে। সমাজে নানা ধরনের নৈরাজ্য সৃষ্টি হয়। পরিবারের সদস্যরাও মাদকাসক্ত ব্যক্তির কারণে সুস্থ জীবন অতিবাহিত করতে পারে না। দুশ্চিন্তা ও দুর্ভাবনায় দিন অতিবাহিত করতে হয় তাদেরকে। মাদকাসক্ত ব্যক্তির মানসিক ক্ষতি হওয়ার দরুন তার চৈতন্য লোপ পায় এবং নৈতিক অধঃপতন ঘটে। তাই বলা যায়, পারিবারিক, সামাজিক ও নৈতিক জীবনে মাদকাসক্তির যথেষ্ট কুপ্রভাব বিদ্যমান।