উদ্দীপকের ফয়সাল ও তার বন্ধুরা কী সত্যিই তরুণ সমাজের পথপ্রদর্শক হতে পারে? মতামত দাও। (উচ্চতর দক্ষতা)
1 Answers
উদ্দীপকের ফয়সাল ও তার বন্ধুরা সত্যিকার অর্থেই তরুণ সমাজের পথপ্রদর্শক হতে পারে বলে আমি মনে করি।
বর্তমান সমাজে চাকরির তুলনায় বেকার যুবক-যুবতীর সংখ্যা অনেক বেশি। তাই বেকার লোকজনের নিজেদের কাজের সুযোগ নিজেদেরই তৈরি করা উচিত। এক্ষেত্রে আত্মকর্মসংস্থান একটি অন্যতম ক্ষেত্র। এর মাধ্যমে নিজের দক্ষতা ও স্বল্প পুঁজির মাধ্যমে নিজের বেকারত্ব দূর করা যায়।
উদ্দীপকে উল্লেখ্য, মানিকগঞ্জের ফয়সাল ও তার তিন বন্ধুকে নিয়ে প্রথম আলোতে খবর প্রকাশিত হয়। তারা আত্মকর্মসংস্থানে নিযুক্ত হয়ে দুই বছরের মধ্যে বেশ সফলতা পেয়েছেন। বর্তমানে তারা খামারে আধুনিক প্রযুক্তি ব্যবহার করছেন। তাদের দেখে অনেকেই এলাকায় খামার প্রতিষ্ঠা করেছেন। এতে এলাকার মানুষ স্বচ্ছল হচ্ছে। আর তাদের মাধ্যমে দেশের তরুণ সমাজ বেকারত্ব লাঘবের পথে এগিয়ে যেতে পারছে।
বর্তমান সমাজে অধিকাংশ তরুণ বেকার হতাশায় ভোগেন। চাকরি পাওয়া নিয়ে তাদের মধ্যে অনিশ্চয়তা কাজ করে। অনেকে আবার অন্যের অধীনে কাজ করতে চান না। এক্ষেত্রে উদ্দীপকের ফয়সাল ও তার বন্ধুদের মতো অন্যরাও আত্মকর্মসংস্থানের ব্যবস্থা করতে পারেন। এর মাধ্যমে একদিকে যেমন বেকারত্ব কমে আসবে, অন্যদিকে সমাজে বিভিন্ন পণ্যের চাহিদা পূরণ করা যাবে। সর্বোপরি, দেশের আর্থ-সামাজিক উন্নয়ন সাধিত হবে। তাই বলা যায়, ফয়সাল ও তার বন্ধুরা দেশের তরুণ সমাজের জন্য পথ প্রদর্শক হিসেবে ভূমিকা রাখছেন।