1 Answers
উদ্দীপকে একটি সদ্য স্বাধীন দেশের পুনর্গঠন প্রক্রিয়া সম্পর্কে আলোচনা করা হয়েছে। অনুরূপভাবে পাঠ্যপুস্তকে বাংলাদেশের যুদ্ধ পরবর্তী কার্যক্রম সম্পর্কে আলোচনা করা হয়েছে।
বিশ্ব ইতিহাসে বাংলাদেশের মুক্তিযুদ্ধ খুবই তাৎপর্যপূর্ণ ঘটনা। বাংলাদেশ হচ্ছে তৃতীয় বিশ্বের প্রথম দেশ, যে দেশ সশস্ত্র মুক্তিযুদ্ধের মাধ্যমে স্বাধীনতা অর্জন করেছে। ১৯৪৭ সাল থেকেই পাকিস্তানি শাসকগোষ্ঠী দ্বারা পূর্ব বাংলার জনগণ সর্বপ্রকার অত্যাচার, শোষণ, বৈষম্য, জাতি নিপীড়নের শিকার হয়েছে। কিন্তু এ ভূখণ্ডের সংগ্রামী মানুষ অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ায়। ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর বিজয় অর্জনের মধ্য দিয়ে এর পরিসমাপ্তি ঘটে। বাংলাদেশ যখন স্বাধীন হয় তখন চারদিকে ছিল স্বজন হারানোর বেদনা, কান্না, হাহাকার আর হত্যাযজ্ঞ। অসংখ্য রাস্তাঘাট, পুল, কালভার্ট, কলকারখানা, নৌবন্দর ও সমুদ্রবন্দর ছিল ধ্বংসপ্রাপ্ত। রাষ্ট্রীয় কোষাগার ছিল অর্থশূন্য। স্বাধীন বাংলাদেশের ছিল না কোনো সামরিক-বেসামরিক বিমান। ত্রিশ লক্ষ মানুষের প্রাণের বিনিময়ে অর্জিত বাংলাদেশে এক কোটি শরণার্থীর পুনর্বাসন, গ্রামগঞ্জের লক্ষ লক্ষ বাড়িঘর পুনঃপ্রতিষ্ঠা ছিল দেশের বড় চ্যালেঞ্জ। যুদ্ধবিধ্বস্ত স্বাধীন বাংলাদেশ পুনর্গঠনের দায়িত্ব নিয়েই যাত্রা শুরু করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাসন আমল।