1 Answers
দৃশ্যকল্প-১-এ বিজয় ঘোষের কার্যক্রমের সাথে ইংরেজ শাসন আমলের বিখ্যাত মনীষী রাজা রামমোহন রায়ের মিল রয়েছে।
রাজা রামমোহন রায় অসাধারণ পান্ডিত্যের অধিকারী' ছিলেন। আরবি, ফারসি, উর্দু, ল্যাটিন ও গ্রিক ভাষায় তিনি দক্ষতা অর্জন করেন। তিনি নিজের চিন্তাধারার আলোকে নতুন সমাজ গঠনে প্রয়াসী হন। হিন্দু সমাজের সতীদাহ প্রথা, বাল্যবিবাহ, কৌলীন্য প্রথা ও অন্যান্য কুসংস্কার দূর করার চেষ্টা করেন। তাছাড়া তিনি হিন্দুধর্মের আদি একেশ্বরবাদের ভিত্তিতে এর সংস্কারে সচেষ্ট হন। প্রাচীন হিন্দুধর্মের সংস্কার তথা নিজ ধর্মীয় মতবাদ প্রচারের উদ্দেশ্যে তিনি 'আত্মীয় সভা' নামে সমিতি গঠন করেন। ১৮২৮ সালে তিনি ব্রাহ্মসমাজ প্রতিষ্ঠা করেন। এ ঘটনা উপমহাদেশের ধর্মীয় অগ্রগতির ইতিহাসে এক নবযুগের সূচনা করে। শিক্ষা বিস্তারেও তার অসামান্য অবদান ছিল। ১৮১২ সালে তিনি কোলকাতায় 'অ্যাংলো হিন্দু স্কুল' প্রতিষ্ঠা করেন যেখানে ইংরেজি, দর্শন, আধুনিক বিজ্ঞান পড়ানোর ব্যবস্থা ছিল।
উদ্দীপকের দৃশ্যকল্প-১-এ বর্ণিত বিজয় ঘোষ বিভিন্ন ভাষায় দক্ষতা অর্জন করেন। তিনি হিন্দু ধর্মের কুসংস্কার দূর করতে উদ্যোগী হন এবং এ লক্ষ্যে একটি সমিতি গঠন করেন। বিজয় ঘোষের এ সব কর্মকাণ্ড উপরে আলোচিত রাজা রামমোহন রায়ের কর্মকান্ডেরই প্রতিচ্ছবি। তাই বলা যায়, দৃশ্যকল্প-১-এ ইংরেজ শাসন আমলের মনীষী রাজা রামমোহন রায়ের প্রতিচ্ছবি ফুটে উঠেছে।