তুমি কি মনে কর এ ধরনের নেতার কারণেই আজ বাংলাদেশ স্বাধীন? উত্তরের সপক্ষে যুক্তি দাও। (উচ্চতর দক্ষতা)
1 Answers
হ্যাঁ, আমি মনে করি, বঙ্গবন্ধুর নেতৃত্ব ও আহ্বানের কারণেই আজ বাংলাদেশ স্বাধীন হয়েছে।
বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে মূল নেতৃত্ব প্রদান করেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তাঁর সারাজীবনের কর্মকান্ড, আন্দোলন-সংগ্রাম নির্দেশিত হয়েছে বাঙালির জাতীয় মুক্তির লক্ষ্যে। এ লক্ষ্য নিয়ে তিনি ১৯৪৮ সালে ছাত্রলীগ এবং ১৯৪৯ সালে আওয়ামী লীগ প্রতিষ্ঠায় উদ্যোগী হন। ৪৮ ও ৫২-এর ভাষা আন্দোলনে তিনি বলিষ্ঠ ভূমিকা পালন করেন। ১৯৫৪ সালের যুক্তফ্রন্ট নির্বাচন, ১৯৫৬ সালের সংবিধানে বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দান, ১৯৫৮ সালে জেনারেল আইয়ুব খানের সামরিক শাসনবিরোধী আন্দোলন, ১৯৬৬ সালে 'আমাদের বাঁচার দাবি' ৬ দফা কর্মসূচি পেশ ও ৬ দফাভিত্তিক আন্দোলন, ৬৯-এর গণঅভ্যুত্থান, ১৯৭০ সালের সাধারণ নির্বাচনে আওয়ামী লীগের নজিরবিহীন বিজয়, ১৯৭১ সালের অসহযোগ আন্দোলন থেকে স্বাধীনতার ঘোষণা ও স্বাধীনতা অর্জনে একচ্ছত্র ভূমিকা পালন করেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। সংগ্রামের পথ ধরে ১৯৭১ সালের ৭ মার্চ তাঁর ঐতিহাসিক ভাষণে তিনি মুক্তিযুদ্ধের ডাক দিয়েছেন। তাঁর নামেই আমাদের মুক্তিযুদ্ধ পরিচালিত হয়। তিনি ছিলেন মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক ও মুজিবনগর সরকারের রাষ্ট্রপতি। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলেন স্বাধীনতার মহানায়ক ও স্বাধীন বাংলাদেশের স্থপতি। অতএব বলা যায়, বঙ্গবন্ধুর মতো নেতার কারণেই আজ বাংলাদেশ স্বাধীন হয়েছে।