1 Answers
হ্যাঁ, আমি মনে করি উদ্দীপকে বর্ণিত কার্যক্রম বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধকালীন সরকার বা মুজিবনগর সরকারকে ইঙ্গিত করে।
বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাসে মুজিবনগর সরকার গঠন অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘটনা। মুক্তিযুদ্ধকে সঠিকভাবে পরিচালনা, সুসংহত করা এবং মুক্তিযুদ্ধের পক্ষে বিশ্ব জনমত গঠনের লক্ষ্যে ১৯৭১ সালের ১০ এপ্রিল নির্বাচিত প্রতিনিধিদের নিয়ে 'মুজিবনগর সরকার' গঠন করা হয়। উদ্দীপকে উল্লিখিত, 'খ' এলাকার মহান নেতা "উক্ত এলাকার জনগণকে ঐক্যবদ্ধ করেন 'ক' এলাকার অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে। তাঁর এ সাহসী কর্মকাণ্ডের জন্য তিনি 'ক' এলাকার শাসকদের দ্বারা আটক হন। কিন্তু পরবর্তীতে তাঁর কিছু বিজ্ঞ সহকর্মী তাঁকে প্রধান রেখেই নিজেদের মধ্যে দায়িত্ব বণ্টন করেন। উদ্দীপকের এ ঘটনাটি ঐতিহাসিক মুজিবনগর সরকারের পটভূমিকেই নির্দেশ করছে। বাঙালির স্বাধীনতা যুদ্ধকে সঠিকভাবে পরিচালনা করার উদ্দেশ্যেই গড়ে তোলা হয় মুজিবনগর সরকার। এ সরকারের কাঠামো কেন্দ্রীভূত হয় বঙ্গবন্ধুকে ঘিরে। তিনি হলেন রাষ্ট্রপতি ও মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক। এছাড়া তাঁর কতিপয় আস্থাভাজন ব্যক্তিত্ব ছিলেন এর সদস্য। সৈয়দ নজরুল ইসলাম ছিলেন উপ-রাষ্ট্রপতি এবং বঙ্গবন্ধুর অবর্তমানে অস্থায়ী রাষ্ট্রপতি। তাজউদ্দীন আহমদ ছিলেন প্রধানমন্ত্রী, এম. মনসুর আলী ছিলেন অর্থমন্ত্রী, এ. এইচ. এম. কামারুজ্জামান ছিলেন স্বরাষ্ট্র, ত্রাণ ও পুনর্বাসনমন্ত্রী এবং পররাষ্ট্র ও আইনমন্ত্রী খন্দকার মোশতাক আহমেদ। বাঙালির মুক্তিযুদ্ধ পরিচালনা করা এবং একে সফল করার পিছনে উক্ত সরকার অনবদ্য ভূমিকা রাখে। তাই আমি মনে করি, উদ্দীপকে বর্ণিত কার্যক্রম বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধকালীন গঠিত উক্ত সরকার তথা মুজিবনগর সরকারকে ইঙ্গিত করে।