1 Answers

"মিল থাকলেও উদ্দীপকে 'সেইদিন এই মাঠ' কবিতার মূলভাবের পূর্ণ প্রতিফলন ঘটেনি।"- মন্তব্যটি যথার্থ। 

পৃথিবীতে মানুষ এবং মানুষের তৈরি সভ্যতা চিরস্থায়ী নয়। সময়ের ব্যবধানে মানুষ যেমন মৃত্যুবরণ করে তেমনই মানুষের তৈরি সভ্যতাও ধ্বংস হয়ে যায়। বেঁচে থাকে কেবল মানুষের স্বপ্ন। মানুষের স্বপ্ন প্রকৃতির সঙ্গে চির প্রবহমান থাকে বলে তা কালের গর্ভে হারায় না।

'সেইদিন এই মাঠ' কবিতায় কবি প্রকৃতির প্রতি মানুষের মুগ্ধতা এবং প্রকৃতির চিরকালীন অম্লান থাকাকে তুলে ধরেছেন। কবি এখানে দেখিয়েছেন, মানুষ এবং মানুষের গড়া সভ্যতা বিলীন হয়ে গেলেও প্রকৃতি তার রূপ-রস-গন্ধ-বর্ণ নিয়ে চিরকাল প্রাণবন্ত থাকে। উদ্দীপকেও এ বিষয়টি প্রতিফলিত হয়েছে। এখানে মানুষের তৈরি সভ্যতা বেবিলন নিশ্চিহ্ন হয়ে গেলেও চাঁদ আজও জেগে আছে। 'সেইদিন এই মাঠ' কবিতায় এ বিষয়টি ছাড়াও মানুষের স্বপ্ন এবং সেই স্বপ্নের বেঁচে থাকা, স্বপ্ন রেখে মানুষের চলে যাওয়া ইত্যাদি বিষয় রয়েছে, যা উদ্দীপকে প্রতিফলিত হয়নি।

'সেইদিন এই মাঠ' কবিতায় প্রকৃতির চিরকালীন সৌন্দর্যের মধ্যে সভ্যতার ধ্বংস ও বিনির্মাণের বিষয়টি প্রতিফলিত হয়েছে। উদ্দীপকে মানুষের তৈরি সভ্যতার ধ্বংসের বিষয়টি আছে কিন্তু বিনির্মাণের বিষয়টি নেই। কবিতায় কবি প্রকৃতির সৌন্দর্যের চিরকালীনতার দিকটি উদ্দীপকে প্রতিফলিত হলেও মানুষের স্বপ্নের অমরত্বের দিকটি অনুপস্থিত। কবিতায় প্রকৃতি তার অফুরন্ত ঐশ্বর্য দিয়ে মানুষের স্বপ্ন, সাধ ও কল্পনাকে তৃপ্ত করে যাবে বলে কবি যে কথা বলেছেন তা উদ্দীপকে নেই। এসব দিক বিচারে তাই বলা যায় যে, প্রশ্নোক্ত মন্তব্যটি যথার্থ।

5 views

Related Questions