উদ্দীপক ও 'সেইদিন এই মাঠ' কবিতার মূল সুর এক ও অভিন্ন- তোমার মতামত ব্যক্ত কর। (উচ্চতর দক্ষতা)
1 Answers
উদ্দীপক ও 'সেইদিন এই মাঠ' কবিতার মূল সুর এক ও অভিন্ন- মন্তব্যটি যথার্থ।
মৃত্যু এক অনিবার্য সত্য। পরিবর্তনশীলতার মধ্য দিয়ে কেবল ব্যক্তিমানুষের অস্তিত্বই বিলীন হয়। প্রকৃতি থাকে চিরযৌবনা। মানবসৃষ্ট সভ্যতার ধ্বংস আছে, কিন্তু প্রকৃতির ধ্বংস নেই। প্রকৃতির একদিকে পরিবর্তন, অন্যদিকে বিনির্মাণ চলে।
'সেইদিন এই মাঠ' কবিতায় কবি বলেন- প্রকৃতির রহস্যময় সৌন্দর্য ও আনন্দের শেষ নেই। প্রকৃতি চির প্রবহমান। প্রকৃতির অফুরন্ত সৌন্দর্যের গল্প চিরকাল বেঁচে রবে, মানুষকে আনন্দ দেবে। আর মানুষ মৃত্যুর মধ্য দিয়ে পৃথিবী থেকে হারিয়ে যাবে। উদ্দীপকেও এই সত্য বিবৃত হয়েছে। এখানেও কবি অনিবার্য মৃত্যুর কথা বলেছেন। বলেছেন প্রকৃতির সবকিছুই ঠিক থাকবে, যেমন- কুয়াশাচ্ছন্ন মাঠ, মাঠের শালিক ইত্যাদি। শুধু কবি থাকবেন না সেখানে, কবিকে কেউ সেখানে খুঁজে পাবে না। কেবল প্রকৃতি বহমান থাকবে।
উদ্দীপক এবং 'সেইদিন এই মাঠ' কবিতা উভয় ক্ষেত্রেই বলা হয়েছে, মরণশীল ব্যক্তিমানুষ মৃত্যুর মধ্য দিয়ে একদিন চলে যাবে, আর প্রকৃতিতে থাকবে চিরকালের ব্যস্ততা। প্রকৃতির বহমানতা মানবের মৃত্যুতে থেমে যায় না। জগতে মানুষের মৃত্যু রয়েছে, সৌন্দর্যের মৃত্যু নেই। এসব দিক বিচারে তাই বলা যায়, প্রশ্নোক্ত মন্তব্যটি যথার্থ।