1 Answers
উদ্দীপকে উল্লিখিত হাদিসটি হলো- “মুমিনের ওয়াদা ঋণস্বরূপ।” মহানবি (স.)-এর এ হাদিসটির গুরুত্ব ও তাৎপর্য অপরিসীম। কারণ ওয়াদা পালন করা সচ্চরিত্র তথা তাকওয়াপূর্ণ জীবনযাপনের অন্যতম বৈশিষ্ট্য। তাকওয়াবান ব্যক্তি কখনো পার্থিব লোভ-লালসায় পড়ে ওয়াদা ভঙ্গ করেন না। তারা ওয়াদাকে ঋণের সমতুল্য মনে করেন। যে লোক কথা দিয়ে কথা রাখে, ওয়াদা পালন করে, তাকে সবাই ভালোবাসে। ওয়াদা পালন করলে আল্লাহ পাকও খুশি হন। এ প্রসঙ্গে মহান আল্লাহ বলেন,
يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا أَوْفُوْا بِالْعُقُودِ
অর্থাৎ “হে ইমানদারগণ! তোমরা চুক্তিসমূহ পূর্ণ কর।” (সূরা আল-মায়িদা : ১)
রাসুল (স.) বলেন, أَوْفُوْا بِالْعَهْدِ إِنَّ الْعَهْدَ كَانَ مَسْؤُلًا
অর্থ : "তোমরা ওয়াদা রক্ষা করে চলবে, কারণ ওয়াদা সম্পর্কে জিজ্ঞাসা করা হবে।" ওয়াদা পালন করা শরিয়তের অঙ্গ এবং তা ভঙ্গ করা জঘন্য অপরাধ। যারা ওয়াদা পালন করে না তাদের সম্পর্কে আল্লাহ বলেন, يا أَيُّهَا الَّذِينَ آمَنُوا لِمَ تَقُوْلُوْنَ مَا لَا تَفْعَلُوْنَ
অর্থ : “হে মুমিনগণ! তোমরা যা পালন কর না এমন কথা বল কেন?” (সূরা আস-সাফ : ২)
যে ব্যক্তি ওয়াদা পালন করে না তার ধর্ম থাকতে পারে না। এ প্রসঙ্গে মহানবি (স.) বলেন, لَا دِيْنَ لِمَنْ لَّا عَهْدَ لَهُ
অর্থ : “যে ব্যক্তি ওয়াদা পালন করে না, তার দীন নেই।” (মুসনাদে আহমাদ)
পরিশেষে বলা যায়, ওয়াদা ভঙ্গ করা মুনাফিকের লক্ষণ। অন্যদিকে, ওয়াদা পালন করা মুমিনের বৈশিষ্ট্য। মুমিন ব্যক্তি ওয়াদাকে ঋণ হিসেবে মনে করে। সচ্চরিত্র গঠনের জন্য ওয়াদা পালন বিশেষ হাতিয়ার। অতএব, মুমিন হতে হলে আমাদেরকে ওয়াদা পালনে তৎপর হতে হবে।