1 Answers
মহাগ্রন্থ আল-কুরআন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ কিতাব। যেকোনো সমস্যায় সমাধানে সর্বপ্রথম কুরআনকে গুরুত্ব দিতে হবে। কেননা এটি ইমান ও আমলের অকাট্য দলিল।
ইসলাম একটি পূর্ণাঙ্গ ও সর্বজনীন জীবনব্যবস্থা। মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সকল সমস্যার সমাধান ও কাজকর্মের যথাযথ দিকনির্দেশনা ইসলামে বিদ্যমান। পারিবারিক, সামাজিক, সাংস্কৃতিক, অর্থনৈতিক, রাজনৈতিক ও আন্তর্জাতিক সকল বিষয়ই ইসলামে যথাযথভাবে বর্ণনা করা হয়েছে।
শরিয়তের সর্বপ্রথম ও সর্বপ্রধান উৎস হলো আল-কুরআন। ইসলামি শরিয়তের সকল বিধিবিধানের মূল উৎসই আল-কুরআন। এর ওপরই ইসলামি শরিয়তের ভিত্তি ও কাঠামো প্রতিষ্ঠিত। আল- কুরআন শরিয়তের অকাট্য ও প্রামাণ্য দলিল। মানব জীবনের প্রয়োজনীয় সকল বিষয়ের সমাধানসূচক মূলনীতি ও ইঙ্গিত আল- কুরআনে বিদ্যমান। আল্লাহ তায়ালা বলেন-
وَنَزَّلْنَا عَلَيْكَ الْكِتَبَ تِبْيَانًا لِكُلِّ شَيْءٍ
অর্থ: "আমি আপনার প্রতি কিতাব নাজিল করেছি প্রত্যেক বিষয়ের স্পষ্ট ব্যাখ্যাস্বরূপ।” (সূরা আন-নাহল: ৮৯)
ইসলামি শরিয়তের প্রধান উৎস হিসেবে আল-কুরআনে মানবজাতির সুস্পষ্ট মূলনীতি ও নির্দেশনা বিদ্যমান। সুতরাং বলা যায়, যেকোনো সমস্যার সমাধানে সর্বপ্রথম আল-কুরআনের দ্বারস্থ হতে হবে। যদি সেখানে সমাধান পাওয়া যায়, তাহলে তা অকাট্যরূপে গ্রহণ করতে হবে। আর না পাওয়া গেলে শরিয়তের পরবর্তী উৎসসমূহের ওপর নির্ভর করতে হবে।
তাই বলা যায়, খতিব তাওফিকের কুরআনকে অকাট্য দলিল বলা যথার্থ ও উপযুক্ত হয়েছে।