1 Answers
মিনহাজ ব্যবসার ক্ষেত্রে নিম্নোক্ত হাদিসের অনুসরণ করেছেন- “বিশ্বস্ত, সত্যবাদী মুসলিম ব্যবসায়ী কিয়ামতের দিন শহিদগণের সঙ্গে থাকবেন।” (ইবনে মাজাহ)
মিনহাজ ভেজাল না করে ন্যায্যমূল্যে সততার সাথে ব্যবসা করেন। এজন্য তার স্ত্রী বলেছেন, সৎ ব্যবসায়িগণ কিয়ামতের দিন শহিদগণের সঙ্গী হবেন। উপরিউক্ত হাদিসের প্রতিধ্বনি তার এ বক্তব্যে পাওয়া যায়। ব্যবসায় বাণিজ্যের মাধ্যমে মানুষ পার্থিব উন্নতি সাধন করে থাকে। এ জাগতিক উন্নতির মোহে মানুষ অনেক সময় অসৎ পথ বেছে নেয়। অর্থের লোভে ধোঁকা বা প্রতারণার আশ্রয় নেয়। পাশাপাশি কিছু মানুষ সমাজের এ জাগতিক মোহের গড্ডলিকা প্রবাহে নিজেকে ভাসিয়ে না দিয়ে বিশ্বস্ততা ও সত্যবাদিতার পথ আঁকড়ে থাকে। ধৈর্যের পরম পরাকাষ্ঠা প্রদর্শন করে সৎ ও ন্যায়ভাবে ব্যবসায় বাণিজ্য পরিচালনা করে থাকে। পণ্যদ্রব্যে কোনোরকম ভেজাল না দিয়ে যেভাবে আছে সেভাবেই বিক্রি করে। মাল বিক্রি করার সময় সে মালের অযথা তারিফ করে ক্রেতাকে বিভ্রান্ত করে না। তার নিজের নিকট অন্যের ধার থাকলে পাওনাদারকে অযথা হয়রানি করে না। অপরপক্ষে কারও কাছে কিছু পাওনা থাকলে তাকে উত্ত্যক্ত করে না। উক্ত হাদিসে এসব বিশ্বস্ত ও সত্যবাদী ব্যবসায়ীদের সৎ ও ন্যায়ের প্রতি উৎসাহিত করা হয়েছে এবং তারা পুরস্কার হিসেবে কিয়ামতের দিন শহিদদের সঙ্গে থাকবেন। তাই ব্যবসায়ে দুর্নীতি অবলম্বন করার পরিবর্তে সততা ও বিশ্বস্ততা অবলম্বন করা প্রতিটি মুসলমান ব্যবসায়ীর জন্য সর্বাধিক গুরুত্বপূর্ণ কর্তব্য, যা মিনহাজের কর্মকাণ্ডে প্রতিফলিত হয়েছে।