1 Answers
"উদ্দীপকের মামার অনুপ্রেরণামূলক বক্তব্যটিতে 'বই পড়া' প্রবন্ধের লেখকের মনোভাবের প্রতিফলন ঘটেছে।"- মন্তব্যটি যথার্থ।
সুশিক্ষিত লোকমাত্রই স্বশিক্ষিত। স্বশিক্ষিত হওয়ার ক্ষেত্রে লাইব্রেরির ভূমিকা সবচেয়ে বেশি। লাইব্রেরি মানুষের মন ও আত্মার জ্ঞানপিপাসা নিবারণ করে। সাহিত্যচর্চার প্রধান কেন্দ্র হচ্ছে লাইব্রেরি। এখানে নানা রকম বইয়ের সমাহার ঘটে। লাইব্রেরিতে এসে স্বেচ্ছায় বই পড়ার মাধ্যমে যথার্থ শিক্ষিত হয়ে ওঠা সম্ভব।
'বই পড়া' প্রবন্ধে লেখক আমাদের প্রচলিত শিক্ষাব্যবস্থার ত্রুটি, অসংগতি, অপূর্ণতা, অতীতের শিক্ষাব্যবস্থা, শিক্ষাগ্রহণের ক্ষেত্রে প্রতিবন্ধকতা, সাহিত্যের প্রতি অনুরাগ, রুচিবোধ, সাহিত্যচর্চার গুরুত্ব, বই পড়ার গুরুত্ব ইত্যাদি দিক তুলে ধরেছেন। লেখকের মতে স্বেচ্ছায় বই পড়ে স্বশিক্ষিত হওয়াই প্রকৃত শিক্ষা। আর তা লাইব্রেরির মাধ্যমে করা সম্ভব। উদ্দীপকের মামার অনুপ্রেরণামূলক বক্তব্যও তাই। মামাও এখানে সাহিত্যচর্চার জন্য জ্ঞানের বাতিঘর তথা লাইব্রেরির কথা বলেছেন। তিনি আরশিকে জ্ঞান-রাজ্যের সমৃদ্ধ অঙ্গ সাহিত্যচর্চা করতে বলেছেন।
'বই পড়া' প্রবন্ধের সারকথা হচ্ছে বই পড়ে এবং সাহিত্যচর্চার মাধ্যমে জীবনকে জ্ঞানের আলোয় আলোকিত করে তোলা। উদ্দীপকের আরশির মামাও তার বক্তব্যে আরশিকে বই পড়তে এবং সাহিত্যচর্চা করতে অনুপ্রাণিত করেছেন। এসব দিক বিচারে তাই বলা যায়, প্রশ্নোক্ত মন্তব্যটি যথার্থ।