1 Answers
আজমল সাহেব ইসলামের অন্যতম ফরজ ইবাদত সাওম পালন করেন। আর এর উদ্দেশ্য হলো তাকওয়া অর্জন করা।
সাওম আরবি শব্দ। এর ফারসি প্রতিশব্দ হলো রোযা। এর আভিধানিক অর্থ হলো বিরত থাকা। ইসলামি শরিয়তের পরিভাষায় সাওম হলো সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় নিয়তের সাথে পানাহার ও ইন্দ্রিয় তৃপ্তি থেকে বিরত থাকা।
প্রাপ্তবয়স্ক প্রত্যেক নারী ও পুরুষের ওপর রমযান মাসের এক মাস সাওম পালন করা ফরজ। এটি ইসলামের পঞ্চ স্তম্ভের একটি। আমাদের দৈনন্দিন জীবনে সাওমের শিক্ষা ও গুরুত্ব অপরিসীম।
প্রদত্ত উদ্দীপকের আজমল সাহেব রমযান মাসে রাতের শেষ প্রহরে সাহরি খেয়ে সারাদিন আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য সাওম পালন করে থাকেন। কেননা এর মাধ্যমে সাওম পালনকারীর আত্মিক উৎকর্ষ সাধিত হয়। সাওমের মাধ্যমে মানুষের মনে তাকওয়া (আল্লাহভীতি) ও আল্লাহর প্রতি ভালোবাসা সৃষ্টি হয়। ক্ষুধা ও তৃষ্ণায় কাতর হয়েও মানুষ মহান আল্লাহর ভালোবাসা ও ভয়ে কোনো কিছুই পানাহার করে না ও ইন্দ্রিয় তৃপ্তি লাভ করে না। মহান আল্লাহ বলেন-
كُتِبَ عَلَيْكُمُ الصِّيَامُ كَمَا كُتِبَ عَلَى الَّذِينَ مِنْ قَبْلِكُمْ لَعَلَّكُمْ تَتَّقُوْنَ
অর্থ : "তোমাদের ওপর সাওম (রোযা) ফরজ করা হয়েছে। যেমন করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের ওপর। যেন তোমরা তাকওয়া (আল্লাহভীতি) অর্জন করতে পার।" (সূরা আল-বাকারা: ১৮৩)
সুতরাং আমরা আজমল সাহেবের ন্যায় তাকওয়া অর্জনের জন্য রমযান মাসে সিয়াম পালন করব।