1 Answers

উদ্দীপকে লাহান্তির বক্তব্যের আলোকে বৈজ্ঞানিক ব্যাখ্যা এবং তার দাদির বক্তব্যের আলোকে লৌকিক ব্যাখ্যার মধ্যে তুলনামূলক বিশ্লেষণ নিচে তুলে ধরা হলো-

১। লৌকিক ব্যাখ্যার ভিত্তি হলো অতিপ্রাকৃত ও অলৌকিক কারণ। যেমন: এরূপ ব্যাখ্যায় বলা হয়, দেবতার অসন্তুষ্টির কারণেই বিভিন্ন রোগ হয়। এ ক্ষেত্রে রোগের সৃষ্টিতে দেবতার অসন্তুষ্টি হচ্ছে একটি অতিপ্রাকৃত ও অলৌকিক কারণ, যার কোনো বাস্তবতা নেই। অন্যদিকে বৈজ্ঞানিক ব্যাখ্যার ভিত্তি হলো প্রাকৃতিক নিয়ম ও বাস্তব কারণ। যেমন: এরূপ ব্যাখ্যায় বলা হয়, 'জীবাণুর সংক্রমণের কারণেই বিভিন্ন রোগ হয়।' এ ক্ষেত্রে জীবাণুর সংক্রমণের সাথে রোগের একটি কারণিক সম্পর্ক আছে, যা নিয়মসংগত, বাস্তব এবং প্রমাণিত।

২। লৌকিক ব‍্যাখ্যায় ঘটনাবলির মধ্যকার সাদৃশ্যের বিষয়সমূহ কেবল অবলোকন করা হয়, এগুলোর কোনোরূপ যথার্থতা বিচার করা হয় না। অন্যদিকে বৈজ্ঞানিক ব্যাখ্যায় ঘটনাবলির মধ্যকার সাদৃশ্যের বিষয়সমূহের মূল্য ও গুরুত্ব নিরূপণ করার মাধ্যমে এগুলোর যথার্থতাও প্রতিপাদন করা হয়।

৩। লৌকিক ব্যাখ্যায় মূলত বিশেষ ঘটনা ব্যাখ্যা করা হয়। পক্ষান্তরে বৈজ্ঞানিক ব্যাখ্যায় বিশেষ ঘটনার সাথে যুক্ত সাধারণ নিয়মের ব্যাখ্যা দেওয়া হয়।

৪। লৌকিক ব্যাখ্যায় বিচ্ছিন্নভাবে ঘটনার কারণ ব্যাখ্যা করা হয়। অন্যদিকে বৈজ্ঞানিক ব্যাখ্যায় সমজাতীয় ঘটনার কার্যকারণ সম্পর্ক নির্ণয় করার মাধ্যমে ঘটনাগুলোকে সামান্যীকরণের প্রেক্ষিতে মূল ঘটনার ব্যাখ্যা প্রদান করা হয়ে থাকে।

৫। লৌকিক ব্যাখ্যায় ঘটনার শৃঙ্খলাবদ্ধতা থাকে না, অন্যদিকে বৈজ্ঞানিক ব্যাখ্যায় কার্যকরণ শৃঙ্খলে আবদ্ধ করে সংশ্লিষ্ট ঘটনার ব্যাখ্যা দেওয়া হয়।

৬। লৌকিক ব্যাখ্যার ভিত্তি হচ্ছে কুসংস্কার, প্রথাগত বিশ্বাস, প্রত্যাদেশ, আপ্তবাক্য বা প্রাধিকার ইত্যাদি। অন্যদিকে বৈজ্ঞানিক ব্যাখ্যার ভিত্তি হচ্ছে ইন্দ্রিয় অভিজ্ঞতালব্ধ সাক্ষ্য- প্রমাণ।

৭। লৌকিক ব্যাখ্যা মূলত লৌকিকতা, অন্ধবিশ্বাস, কুসংস্কার ইত্যাদি অবৈজ্ঞানিক বিষয়সমূহের সাথে জড়িত। অন্যদিকে বৈজ্ঞানিক ব্যাখ্যা প্রকল্প, সংযুক্তকরণ, অবরোহ, আরোহ, শ্রেণিকরণ ইত্যাদি বিজ্ঞানসম্মত প্রক্রিয়ার সাথে সম্পর্কিত।

৮। লৌকিক ব্যাখ্যা একটি অস্থায়ী প্রক্রিয়া। কেননা এরূপ ব্যাখ্যা হচ্ছে পরিবর্তনশীল। পক্ষান্তরে বৈজ্ঞানিক ব্যাখ্যা অপরিবর্তনীয়, তাই এর স্থায়িত্ব প্রমাণ করে।

সুতরাং লৌকিক ব্যাখ্যা ও বৈজ্ঞানিক ব্যাখ্যার পার্থক্য আলোচনার প্রেক্ষিতে বলা যায়, এরা প্রক্রিয়াগত, পদ্ধতিগত এবং ভিত্তিগত সব দিক থেকেই পরস্পর আলাদা।

4 views

Related Questions