1 Answers
উদ্দীপকে উল্লিখিত জনাব রুহুল আমিন যৌক্তিক বিভাগের 'বিভাজ্য জাতি বা শ্রেণির নাম বিভক্ত উপজাতি বা উপশ্রেণিসমূহের প্রত্যেকের উপর প্রযোজ্য হবে।' এ নিয়মটি লঙ্ঘিত হয়েছে। এ নিয়ম লঙ্ঘন করলে অঙ্গগত ও গুণগত বিভাগ অনুপপত্তির সৃষ্টি হয়। নিচে এ সম্পর্কে বিশ্লেষণ করা হলো-
বিভাগকরণ প্রক্রিয়ায় একক ব্যক্তি বা বস্তুকে তার অন্তর্গত অঙ্গপ্রত্যঙ্গে বিভক্ত করা হলে যৌক্তিক বিভাগের ক্ষেত্রে অঙ্গগত বিভাগ অনুপপত্তির উদ্ভব হয়। ফলে উপরে আলোচিত নিয়মটির ব্যতিক্রম ঘটে। কারণ এরূপ ক্ষেত্রে একক ব্যক্তি বা বস্তুর নামটি তার অন্তর্গত অঙ্গপ্রত্যঙ্গের কোনোটির উপরই প্রযোজ্য হয় না। যেমন: রাসেল নামের একজন বিশেষ ব্যক্তিকে তার হাত, পা, ইত্যাদি অঙ্গে বিভক্ত করলে এর কোনোটির উপরই রাসেল নামটি প্রযোজ্য হয় না। অর্থাৎ এ ক্ষেত্রে বলা যায় না যে, হাত রাসেল, পা রাসেল বা মাথা রাসেল। আবার একটি গাছকে তার মূল, কাণ্ড, পাতা ইত্যাদি বিভিন্ন অংশে বিভক্ত করলে এর কোনোটির উপরই গাছ নামটি প্রযোজ্য হয় না। অর্থাৎ এ ক্ষেত্রে বলা যায় না যে, মূল গাছ, কান্ড গাছ বা পাতা গাছ। আর এরূপ ক্ষেত্রেই আলোচ্য অনুপপত্তির সৃষ্টি হয়।
একইভাবে বিভাগকরণ প্রক্রিয়ায় একক ব্যক্তি বা বস্তুকে তার অন্তর্গত বিশিষ্ট গুণাবলিতে বিভক্ত করা হলে যৌক্তিক বিভাগের ক্ষেত্রে গুণগত বিভাগ অনুপপত্তির উদ্ভব হয়, ফলে উপরে আলোচিত, নিয়মটির ব্যতিক্রম ঘটে। কারণ এরূপ ক্ষেত্রে একক ব্যক্তি বা বস্তুর নামটি তার অন্তর্গত গুণসমূহের কোনোটির উপরই প্রযোজ্য হয় না। যেমন : রাসেল নামক একজন বিশেষ ব্যক্তিকে সৎ, শিক্ষিত, দয়ালু ইত্যাদি বিশিষ্ট গুণে বিভক্ত করা হলে এর কোনোটির উপরই রাসেল নামটি প্রযোজ্য হয় না।
অর্থাৎ এ ক্ষেত্রে বলা যায় না, সৎ রাসেল, শিক্ষিত রাসেল বা দয়ালু রাসেল। একইভাবে একটি ফুলকে তার গন্ধ, বর্ণ, সৌন্দর্য ইত্যাদি বিশিষ্ট গুণে বিভক্ত করা হলে এর কোনোটির উপরই ফুল নামটি প্রযোজ্য হয় না। অর্থাৎ এ ক্ষেত্রে বলা যায় না, গন্ধ ফুল, বর্ণ ফুল বা সৌন্দর্য ফুল। আর এরূপ ক্ষেত্রেই আলোচ্য অনুপপত্তির উদ্ভব ঘটে।