1 Answers
উদ্দীপকে উল্লিখিত মাহিতের পঠিত সংজ্ঞাটিতে 'স্পষ্ট ও সহজ ভাষার ব্যবহার' নিয়মটি লঙ্ঘিত হয়েছে। এ নিয়ম লঙ্ঘনের জন্য দুই ধরনের অনুপপত্তির উদ্ভদ্ধ ঘটে। নিচে তা বিশ্লেষণ করা হলো-
কোনো পদের সংজ্ঞা দেওয়ার ক্ষেত্রে যদি দুর্বোধ্য ভাষা ব্যবহার করা হয়, তাহলে সংজ্ঞাটি জটিল আকার ধারণ করে দুর্বোধ্য সংজ্ঞা অনুপপত্তির উদ্ভব ঘটায়; যেমন: "বটবৃক্ষ হচ্ছে জটাজুট লাঞ্ছিত সবিতাতপ নিরোধক মহাস্থবির পাদপ।" এ ক্ষেত্রে বটবৃক্ষের যে সংজ্ঞা দেওয়া হয়েছে, তাতে বটবৃক্ষের অর্থ সুস্পষ্ট হওয়ার পরিবর্তে আরও জটিল আকার ধারণ করেছে। কারণ, এ ক্ষেত্রে বটবৃক্ষের সংজ্ঞায় ব্যবহৃত প্রতিটি শব্দই পৃথকভাবে সংজ্ঞার দাবিদার। উল্লেখ্য, দুর্বোধ্য বলতে কেবল জটিল ভাষাকে বোঝায়, তা নয়; বরং যে ভাষা সব মানুষের কাছে বোধগম্য নয়, এমন ভাষাকেও দুর্বোধ্য বলা যায়। যেমন: তাপকে সংজ্ঞায়িত করে বলা হয়, "তাপ হচ্ছে একধরনের বর্ণনাতীত লঘু জলীয় পদার্থ", তাহলে সংজ্ঞাটি একজন বিজ্ঞান বিভাগের ছাত্রের কাছে যতটা সহজবোধ্য হবে, একজন মানবিক বিভাগের ছাত্রের কাছে তা ততটা বোধগম্য নাও হতে পারে। অথচ সংজ্ঞাটিতে ব্যবহৃত ভাষা খুব একটা জটিল নয়। আবার ইংরেজি ভাষায় অজ্ঞ এমন কোনো ব্যক্তির সামনে যদি সমাজতন্ত্রের সংজ্ঞা দিতে গিয়ে বলা হয় "Socialism is mean democracy extended to the economic field," তাহলে তার কাছে সংজ্ঞাটি দুর্বোধ্য মনে হবে। যদিও ইংরেজি ভাষা সম্পর্কে অবগত এমন ব্যক্তির কাছে সংজ্ঞাটিকে একটি সহজ-সরল বাক্য বলেই বোধ হবে। মূলকথা, কোনো পদকে স্পষ্ট ও সহজভাবে বোঝাতে হলে এতে এমন ভাষা ব্যবহার করতে হবে, যা জটিল নয় এবং সবার পক্ষে বোধগম্য, অন্যথায় তা দুর্বোধ্য আকার ধারণ করে সংজ্ঞায় ভ্রান্তির উদ্ভব ঘটাবে।
একইভাবে কোনো পদের সংজ্ঞা দেওয়ার ক্ষেত্রে যদি রূপক বা আলংকারিক ভাষা ব্যবহার করা হয়, তাহলে পদটি ভিন্ন অর্থ ধারণ করে। ফলে সংজ্ঞাটিতে রূপক সংজ্ঞা অনুপপত্তির সৃষ্টি হয়। যেমন: "শিশুরা হচ্ছে জাতির মেরুদণ্ড"- এ সংজ্ঞায় শিশু কোন ধরনের তা ব্যক্ত হয়নি, বরং এ ক্ষেত্রে যা ব্যক্ত হয়েছে তাতে শিশুদের স্বরূপ মানুষের মনে একটি ভিন্ন আকার ধারণ করতে পারে। ফলে এতে সংজ্ঞেয় পদের প্রকৃত অর্থ অস্পষ্ট হয়ে পড়ে। কাজেই সংজ্ঞেয় পদকে সুস্পষ্টভাবে উপস্থাপন করতে হলে এর সংজ্ঞায় সংজ্ঞার্থে এমন ভাষা ব্যবহার করতে হবে, যা পদটির অন্তর্নিহিতরূপকে প্রকাশ করে, যা মূলত জাত্যর্থের মধ্য দিয়ে প্রকাশিত হয়। অন্যথায় সংজ্ঞাটি রূপক ভাষার অন্তরালে থেকে ভ্রান্তির সৃষ্টি করবে।