1 Answers
উদ্দীপকে বাবার ব্যক্তিগত বিযোজ্য ও অবিযোজ্য অবান্তর লক্ষণগুলো হলো- লম্বা, ফর্সা, পায়জামা-পাঞ্জাবি, অধ্যাপনা, দয়ালু, দায়িত্ববান ও যত্নশীল। অর্থাৎ যে গুণ বা গুণাবলি কোনো পদের জাত্যর্থের অংশ নয় অথবা জাত্যর্থ থেকে অনুসৃতও নয় অথচ কোনো ব্যক্তি বা বস্তুর মধ্যে বিদ্যমান তাকে অবান্তর লক্ষণ বলে। আবার যে অবান্তর লক্ষণ কোনো ব্যক্তি বিশেষের বেলায় সর্বদাই বর্তমান এবং যাকে কোনোক্রমেই পরিবর্তন করা যায় না তাকে ব্যক্তিগত অবিযোজ্য অবান্তর লক্ষণ বলে। যেমন- কোনো ব্যক্তির জন্মস্থান ও জন্ম তারিখ। ব্যক্তির এ গুণ তার স্থায়ী গুণ। এ ধরনের গুণ তার সারা জীবনে অপরিবর্তিত থাকে। উদ্দীপকে বাবার লম্বা ও ফর্সা গুণটি অবিযোজ্য অবান্তর লক্ষণ। কারণ এই গুণ দুটি কখনো পরিবর্তিত হয় না। একজন মানুষ ইচ্ছা করলেই লম্বা ও ফর্সা হতে পারে না। এটা মানুষের জন্মগত বিষয় যা অপরিবর্তিত। অন্যদিকে যে অবান্তর লক্ষণ কোনো ব্যক্তি বিশেষের বেলায় সর্বদাই বর্তমান থাকে না এবং যা মাঝে মাঝেই পরিবর্তিত হতে পারে তাকে ব্যক্তিগত বিযোজ্য অবান্তর লক্ষণ বলে। যেমন কোনো ব্যক্তির পোশাক, আচার-ব্যবহার, জীবিকা ইত্যাদি। এ গুণগুলো কোনো ব্যক্তির বেলায় সব সময় একই রূপ থাকে না। তাদেরকে মাঝে মাঝেই পরিবর্তিত হতে দেখা যায়। কোনো ব্যক্তি সব সময় একই ধরনের পোশাক পরিধান করে না। তার আচার- ব্যবহারও সব সময় একইরূপ থাকে না। উদ্দীপকে বাবার বিযোজ্য অবান্তর লক্ষণগুলো হলো- দয়ালু, পায়জামা পাঞ্জাবি পরিধান, অধ্যাপনা, দায়িত্ববান ও যত্নশীল। এগুলো যেকোনো সময় পরিবর্তিত হতে পারে।