1 Answers
সম্পর্ক (relationship) ভীষণ নাজুক একটা জিনিস। সেটা পরিবারের সদস্যদের সাথে হোক আর বন্ধু বান্ধব বা নিজের কাছের কারোর সাথেই হোক। জীবনে চলার পথে আমরা জেনে না জেনে অনেক সময় সম্পর্ক নামক এই নমনীয় ব্যাপারটাকে আঘাত করে ফেলি। যার ফলাফল স্বরূপ বালির বাঁধের মতো আমাদের সম্পর্কের প্রাসাদটি ভেঙে পড়ে।
তবে এমনটা নয় যে ভেঙে যাওয়া সম্পর্ক জোড়া লাগেনা। আপনার একটু চেষ্টা, একটু পরিশ্রম ভেঙে যাওয়া সম্পর্ক পুনর্নির্মাণে সহায়তা করতে পারে।
- নিজেকে জানুন: নিজেকে জানার চেষ্টা করুন। ভাবুন কিসে আপনার আনন্দ আর কিসে আপনার আক্ষেপ। নিজের চাহিদা, আকাঙ্ক্ষা, নির্ভরশীলতা এবং নিজের অনুভূতি ও সৃজনশীল ক্ষমতাগুলোর মূলে যাওয়ার চেষ্টা করুন। মনে রাখবেন আপনি যদি নিজে নিজেকে জানতে না পারেন তাহলে অন্যকে কখনোই বুঝতে পারবেন না। সম্পর্ক গড়ে তোলার জন্য নিজেকে জানা জরুরী।
- দূরে সরে যাওয়া ব্যক্তিটি সম্পর্কে জানুন: এবার চেষ্টা করুন আপনার থেকে দূরে সরে যাওয়া মানুষটির ইচ্ছে আর প্রয়োজন সম্পর্কে। আপনার কারণে যদি দূরত্ব সৃষ্টি হয়ে থাকে তাহলে আপনাকেই সেই দূরত্ব কমাতে হবে। তার কাছে যান, তার অবস্থা বুঝতে চেষ্টা করুন, তাকে সময় দিন। দূরত্ব আপনা-আপনি কমে যাবে। মনে রাখবেন আপনি যত ওই মানুষটি সম্পর্কে জানতে পারবেন তত সম্পর্ক মজবুত হবে।
- খোঁচা মারা থেকে বিরত থাকুন: অন্যকে খোঁচা মারা অভ্যাস ত্যাগ করুন।আপনি যেটা পারেন সেটা অন্যরাও পারবে এমনটা ভাবা অন্যায়। কারো কাজের প্রশংসা করতে না পারলেও অন্তত অযথা ভুল ধরা থেকে বিরত থাকুন। আপনি প্রতিনিয়ত কাউকে খোঁচাতে থাকলে সে এমনিতেই আপনার কাছ থেকে পালাতে চাইবে। নতুন করে সম্পর্ক গড়ে তুলতে চাইলে এই অভ্যাস ত্যাগ করুন।
- সম্পর্ক গড়তে শেয়ারিং ও ভালোবাসার কোন বিকল্প নেই: মনে রাখবেন, ভালো সম্পর্ক (good relationship) গড়ে উঠে ভালোবাসা আর শেয়ারিং উপর ভিত্তি করে। শর্ত ছাড়া ভালোবাসা দেবার মানসিকতা গড়ে তুলুন। আপনার প্রতিদিনের অভিজ্ঞতাগুলো শেয়ার করুন। এতে দূরত্ব কমে যাবে।
- অন্যদের দৃষ্টিভঙ্গি উপলব্ধি করুন: সম্পর্কের আর একটি গুরুত্বপূর্ণ দিক হলো অন্যদের চিন্তা ভাবনা লক্ষ্য করা। নিজে বলা বন্ধ করুন আর অন্য পক্ষের কথা মনোযোগ দিয়ে শুনুন। আপনি যে অন্যমনস্ক নন তার প্রমাণ স্বরূপ কথার মাঝে মাঝে কিছু প্রশ্ন করুন।
- সময়ের সাথে চলার চেষ্টা করুন: আপনি যদি আশা করে থাকেন ৫বছর আগে সে যেমন ছিল ৫ বছর পরও সে তেমনই আছে তাহলে সেটা শুধু অবাস্তব ধারণাই নয়, অন্যায়ও বটে। সময়ের সাথে সাথে সবারই পরিবর্তন আসে। চিন্তা ভাবনায় পরিবর্তন আসে। আর তাই সময়ের সাথে চলার চেষ্টা করুন।
- বিশ্বাস,আস্থা ও সহমর্মিতা প্রদর্শন করুন: সম্পর্কের মূলভিত্তি বলা হয় বিশ্বাসকে। তাই ভেঙে যাওয়া সম্পর্ক গড়ে তুলতে বিশ্বাসের বিকল্প নেই। একটু বিশ্বাস সাথে একটু আস্থা আর সহমর্মিতা আপনার নতুন সম্পর্ক গড়ে তুলে সব থেকে বেশী সহায়তা করবে।
সম্পর্ক (relationship) ব্যাপারটায় এমন যেখানে “গিভ অ্যান্ড টেক” নিয়মটা বেশী কার্যকরী হতে দেখা যায়। খোলাখুলি নিজেদের সমস্যা নিয়ে আলোচনা করুন। একে অপরের সমস্যাগুলো নিয়ে আলাপ করলে সমাধান আসবেই।
3798 views
Answered