রোহিঙ্গারা মিয়ানমারের নাগরিক হওয়া সত্ত্বেও কোন ধরনের অধিকার থেকে বঞ্চিত হয়েছে? বর্ণনা করো। (প্রয়োগ)
1 Answers
রোহিঙ্গারা মিয়ানমারের নাগরিক হওয়া সত্ত্বেও তারা আইনগত অধিকারের অন্তর্ভুক্ত সামাজিক ও অর্থনৈতিক অধিকার থেকে বঞ্চিত হয়েছে।
যেসব অধিকার রাষ্ট্রের আইন কর্তৃক স্বীকৃত ও অনুমোদিত, সেগুলোকে আইনগত অধিকার বলে। আইনগত অধিকারের মধ্যে রয়েছে সামাজিক ও অর্থনৈতিকসহ বিভিন্ন অধিকার। সমাজে সুখে-শান্তিতে বসবাস করার জন্য বিভিন্ন সামাজিক অধিকারের প্রয়োজন হয়। স্বাধীনভাবে চলাফেরা করা, মত প্রকাশের সুযোগ লাভ, শিক্ষা লাভ প্রভৃতি সামাজিক অধিকার। আবার জীবনধারণ, জীবনকে উন্নত করা ও এগিয়ে নেওয়ার জন্য রাষ্ট্র প্রদত্ত অধিকারকে অর্থনৈতিক অধিকার বলে। যেমন- যোগ্যতা অনুযায়ী স্বাধীনভাবে কাজ করার অধিকার একটি অর্থনৈতিক অধিকার।
উদ্দীপকে দেখা যায়, মিয়ানমারের রাখাইন প্রদেশে বসবাসরত রোহিঙ্গাদেরকে প্রদেশের বাইরে চলাচলের অধিকার দেওয়া হয় না। কিন্তু স্বাধীনভাবে চলাফেরা করা নাগরিকের একটি সামাজিক অধিকার। অর্থাৎ রোহিঙ্গারা মিয়ানমারের নাগরিক হওয়া সত্ত্বেও তারা স্বাধীনভাবে চলাফেরা করার সামাজিক অধিকার থেকে বঞ্চিত। একই সাথে রোহিঙ্গাদেরকে স্বাধীনভাবে কাজ করতে বাধা দেওয়া হয়। আর স্বাধীনভাবে কাজ করতে বাধা প্রদান অর্থনৈতিক অধিকারের পরিপন্থি। আবার সামাজিক অধিকার ও অর্থনৈতিক অধিকার যেহেতু আইনগত অধিকারের অন্তর্ভুক্ত তাই বলা যায়, রোহিঙ্গারা মিয়ানমারের নাগরিক হওয়া সত্ত্বেও দুটি গুরুত্বপূর্ণ আইনগত অধিকার থেকে বঞ্চিত হয়েছে।