1 Answers
উদ্দীপকে উল্লিখিত অর্থনৈতিক বৈষম্য ছাড়াও পাকিস্তান আমলে পশ্চিম পাকিস্তান কর্তৃক পূর্ব পাকিস্তানের প্রতি রাজনৈতিক, প্রশাসনিক, সামরিক, সামাজিক, শিক্ষা ও সাংস্কৃতিক ক্ষেত্রে বৈষম্য বিদ্যমান ছিল।
পাকিস্তান রাষ্ট্রের জন্মের পর থেকেই সংখ্যাগরিষ্ঠ পূর্ব বাংলাকে রাজনৈতিকভাবে পঙ্গু করে পশ্চিম পাকিস্তানের মুখাপেক্ষী করে রাখা হয়।
লাহোর প্রস্তাবে পূর্ণ প্রাদেশিক স্বায়ত্তশাসনের কথা থাকলেও তা বাস্তবায়িত হয়নি। গণতন্ত্রকে উপেক্ষা করে স্বৈরতন্ত্র, একনায়কতন্ত্র ও সামরিকতন্ত্রের মাধ্যমে দেশ পরিচালিত হয়। বাঙালি রাজনৈতিক নেতৃবৃন্দের ওপর চলে দমন, নিপীড়ন। তারা ১৯৫৪ সালে নির্বাচিত যুক্তফ্রন্ট সরকারকে অন্যায়ভাবে উচ্ছেদ করে এবং ১৯৫৮ সালে সামরিক শাসন জারি করে জনগণের গণতান্ত্রিক অধিকার কেড়ে নেয়। প্রশাসনিক বৈষম্যের ক্ষেত্রে দেখা যায়, পাকিস্তানের কেন্দ্রীয় সরকারের প্রায় সকল উচ্চপদে পশ্চিম পাকিস্তানিদের একচেটিয়া অধিকার ছিল। ১৯৫৬ সালে পাকিস্তানের কেন্দ্রীয় সরকারের ৪২,০০০ কর্মকর্তার মধ্যে বাঙালির সংখ্যা ছিল মাত্র ২,৯০০। প্রতিটি মন্ত্রণালয়ে বাঙালির প্রতিনিধিত্ব ছিল নগণ্য।
সামরিক ক্ষেত্রেও বাঙালিরা বৈষম্যের শিকার হয়। প্রথম থেকেই সামরিক বাহিনীর শীর্ষ পদ পাঞ্জাবিরা দখল করে রেখেছিল। তারা বাঙালিদের সামরিক বাহিনী থেকে দূরে রাখার নীতি নেয়। সামরিক বাজেটের সিংহভাগ দায় পূর্ব পাকিস্তান বহন করলেও পূর্ব পাকিস্তানের প্রতিরক্ষা ব্যবস্থা ছিল অবহেলিত। এছাড়া পশ্চিম পাকিস্তানিরা বাঙালিদের নিরক্ষর রাখার চেষ্টা অব্যাহত রাখে। বাংলার পরিবর্তে উর্দুকে শিক্ষার মাধ্যম করা, আরবি ভাষায় বাংলা লেখার ষড়যন্ত্রের মাধ্যমে পূর্ব-পাকিস্তানের শিক্ষা ব্যবস্থায় আঘাত হানে। শিক্ষাখাতে বরাদ্দের ক্ষেত্রে পূর্ব পাকিস্তানের প্রতি চরম বৈষম্য করা হয়। সামাজিক সুবিধাপ্রাপ্তিতে যেমন- রাস্তাঘাট, স্কুল-কলেজ, হাসপাতাল, ডাকঘর, টেলিফোন, বিদ্যুৎ প্রভৃতি ক্ষেত্রে বাঙালিদের তুলনায় পশ্চিম পাকিস্তানিরা এগিয়ে ছিল। এছাড়া পশ্চিম পাকিস্তানি শাসকরা সংখ্যাগরিষ্ঠের বাংলা ভাষা ও সুসমৃদ্ধ বাঙালি সংস্কৃতিকে মুছে ফেলার চক্রান্ত করে। বাঙালি সংস্কৃতিতে আঘাত হানার জন্য রবীন্দ্রসঙ্গীত ও রচনাবলি নিষিদ্ধ করার চেষ্টা করে।
উপরের আলোচনা থেকে বলা যায়, পাকিস্তান আমলে পূর্ব পাকিস্তানের প্রতি অর্থনৈতিক বৈষম্যের পাশাপাশি রাজনৈতিক, প্রশাসনিক, সামরিক, সামাজিক, শিক্ষা ও সাংস্কৃতিক ক্ষেত্রেও চরম বৈষম্য বিদ্যমান ছিল।