1 Answers
আমি মনে করি, উক্ত উপাদানগুলো যথা যোগাযোগ, প্রযুক্তি এবং শিল্পায়ন ও নগরায়ণ সামাজিক পরিবর্তনের একমাত্র কারণ নয়। কেননা সামাজিক পরিবর্তনে উক্ত উপাদানগুলো ছাড়া আরও বেশকিছু উপাদান রয়েছে, যা সামাজিক পরিবর্তনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বাংলাদেশের ভূপ্রকৃতিগত অবস্থান সামাজিক পরিবর্তনের একটি উল্লেখযোগ্য কারণ। ধীর এবং আকস্মিক ভৌগোলিক পরিবর্তন, জলবায়ুসংক্রান্ত পরিবর্তন, বৈশ্বিক উষ্ণায়ন প্রভৃতি বাংলাদেশের মানুষের জীবনযাত্রার ওপর প্রভাব ফেলে এবং সমাজের ব্যাপক পরিবর্তন সাধন করে। এদেশে নদীভাঙন, জলোচ্ছ্বাস, বন্যা, টর্নেডো, অনাবৃষ্টি, অতিবৃষ্টি প্রভৃতি প্রাকৃতিক দুর্যোগ যেন নিয়মিত ঘটনা। এসব প্রাকৃতিক দুর্যোগ প্রাকৃতিক পরিবেশের ভারসাম্য নষ্ট করে এবং নতুন নতুন সমস্যার সৃষ্টি করে। মানুষ এসব সমস্যা মোকাবিলায় নানামুখী কার্যক্রম গ্রহণ করে সমাজের পরিবর্তন সাধন করে। জৈবিক উপাদান সামাজিক পরিবর্তনের একটি গুরুত্বপূর্ণ উপাদান। মানুষের জৈবিক অবস্থার পরিবর্তন, যেমন- জনসংখ্যা বৃদ্ধি বা হ্রাস, স্থানান্তর অথবা ঘনত্বের ।
পরিবর্তন সামাজিক পরিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আবার সংস্কৃতি সামাজিক পরিবর্তন সূচনা করে। যেকোনো সমাজের দিকে তাকালেই দেখা যাবে বৈচিত্র্যপূর্ণ সংস্কৃতির মানুষের মূল্যবোধের পার্থক্য, উদ্দেশ্য ও আদর্শের ভিন্নতা। এরই ফলে সৃষ্টি হয়েছে বিভিন্ন সংস্কৃতি লালিত প্রতিষ্ঠান, যা সমাজের মধ্যে নানা রকমের পরিবর্তন সৃষ্টি করে। শিক্ষা সামাজিক পরিবর্তনের একটি বিশেষ উপাদান। শিক্ষা হলো এক ধরনের সংস্কার সাধন এবং বিরামহীন প্রক্রিয়া। সমাজের সদস্যদের মধ্যে শিক্ষার প্রসার আত্মবিশ্বাস ও বিচার- বিবেচনার ক্ষমতা জাগ্রত করে। শিক্ষা যাবতীয় অন্ধত্ব অজ্ঞতা, কুসংস্কার প্রভৃতি থেকে মুক্তি দেয়। যেমন- নারী শিক্ষার প্রসারের ফলে নারীরা তাদের অধিকার সম্পর্কে সচেতন হয়েছে এবং নারীর ক্ষমতায়ন ঘটেছে, যা সার্বিকভাবে সামাজিক পরিবর্তন সাধন করেছে। উপরিউক্ত আলোচনায় দেখা যায়, সামাজিক পরিবর্তনের একাধিক কারণ রয়েছে। উদ্দীপকের সামাজিক পরিবর্তনে উক্ত উপাদানগুলো একমাত্র কারণ নয়।