1 Answers
মানবতা একটি নৈতিক গুণ। মানবতা ধর্মেরও অঙ্গ। সহিষ্ণুতা, ক্ষমতা, দয়া, চুরি না করা, শুচিতা, ইন্দ্রিয় সংযম, শুদ্ধবুদ্ধি জ্ঞান, সত্য ও অক্রোধ (রাগ না করা) এ দশটি গুণ যার মধ্যে আছে তাকে আমরা প্রকৃত মানুষ বলে গণ্য করি। এর প্রধান কারণ হচ্ছে মানবতার গঠন ও বিকাশে এ গুণগুলো অপরিহার্য। মানুষের প্রতি মানুষের রয়েছে মমতা, রয়েছে সংবেদনশীলতা। যুগে যুগে মানুষ সত্যের সাধনায় তাঁদের জীবন উৎসর্গ করেছে। মানুষের মঙ্গলের জন্য দুঃখ বরণ করেছে। সেবায়, ত্যাগে, কর্মে নিজেকে বিলিয়ে দিয়ে ধন্য হয়েছে। মানুষের কল্যাণ কামনায় নিজের মেধা, শ্রম কাজে লাগিয়ে সার্থক করেছে, করেছে মহান। নিরন্নকে অন্ন, বস্ত্রহীনে বস্ত্র, তৃষ্ণার্তকে জল, দৃষ্টিহীনে দৃষ্টি, রুগ্নকে ওষুধ, গৃহহীনে গৃহ, শোকার্তকে সান্ত্বনা দান করা মানবতারই আরেক নাম। এ মানবতাবোধ যার ভেতরে আছে তিনি প্রকৃত ধার্মিক। ধর্মই তাকে এগুলো শিখিয়েছে। এজন্য বলা যায়, একমাত্র ধর্মই পারে মানবাবোধকে জাগ্রত করতে।