1 Answers
দুর্গাপূজার সময় শ্রী শ্রী চন্ডী গ্রন্থ পাঠ করা বিশেষ প্রয়োজন।
শ্রী শ্রী চণ্ডী হিন্দুধর্মাবলম্বীদের একটি উল্লেখযোগ্য গ্রন্থ। এটি স্বতন্ত্রভাবে রচিত হয়নি। এ গ্রন্থটি মার্কেণ্ডেয় পুরাণের অন্তর্গত একটি অংশ। মার্কেণ্ডেয় পুরাণের ৮৩ থেকে ৯৫ পর্যন্ত ১৩টি অধ্যায়ের নাম চণ্ডী। এ গ্রন্থে রাজা সুরথ ও সমাধি বৈশ্যের কাহিনি, দেবী মহামায়া, দেবী দুর্গা, দেবী অম্বিকা ও দেবী কালিকার উদ্ভব ও মহিমা বর্ণিত হয়েছে। তাছাড়া চিক্ষুর চামরসহ অনেক অসুর বধের কাহিনি, মহিষাসুর বধের কাহিনি ও শুম্ভ-নিশুম্ভ নামক অসুরদের বধ করে স্বর্গে শান্তি প্রতিষ্ঠা ও সমগ্র জীবজগতের কল্যাণ সাধনের কাহিনি বর্ণিত হয়েছে এ গ্রন্থে। দেবীর এসব কৃতিত্বপূর্ণ কাহিনি সকলের কাছে উপস্থাপন ও তাঁর প্রতি গভীর শ্রদ্ধা ও কায়মনো বাক্যে তাঁর আরাধনার জন্য দুর্গাপূজায় এ গ্রন্থ পাঠ করা হয়।