বিদেশফেরত নিঃস্ব নায়েব আলী কীভাবে একজন সফল উদ্যোক্তায় পরিণত হলেন? মূল্যায়ন করো। (উচ্চতর দক্ষতা)
1 Answers
বিদেশফেরত নিঃস্ব নায়েব আলী তার ধৈর্য, মেধা এবং কঠোর পরিশ্রমকে কাজে লাগিয়ে সফল উদ্যোক্তায় পরিণত হলেন বলে আমি মনে করি।
যিনি উদ্যোগ নেন তিনিই উদ্যোক্তা। তারা নিজেদের বিভিন্ন গুণাবলির সদ্ব্যবহারের মাধ্যমে সফল হয়ে ওঠেন। ধৈর্য, মেধা, কঠোর পরিশ্রম, দূরদর্শিতা প্রভৃতি সফল উদ্যোক্তার অন্যতম গুণাবলি।
উদ্দীপকের শিক্ষিকা আকলিমা আক্তার তার শ্রেণিতে দেশের চাকরির সংকট আর বেকার সমস্যা সমাধানের বিষয়ে বলতে গিয়ে বগুড়ার নায়েব আলীর উদাহরণ দেন। তিনি লক্ষাধিক টাকা খরচ করে বিদেশে যান এবং নিঃস্ব হয়ে দেশে ফেরেন। কিন্তু ধৈর্যহারা না হয়ে বুদ্ধি খাটিয়ে একটি হাঁসের খামার দেন। এর মাধ্যমে তিনি সফল হন এবং অন্যরাও তাকে দেখে উৎসাহিত হয়।
নায়েব আলী নিঃস্ব হওয়ার পরেও হতাশ হননি। তিনি ধৈর্য ধরে পরিস্থিতি মোকাবিলার সিদ্ধান্ত নেন। আবার তিনি খেয়াল করলেন, তার এলাকায় অনেক জলাশয় আছে। তাই সেখানে হাঁসের একটি খামার স্থাপন করলেন। এটি তার মেধার উপযুক্ত ব্যবহারকে প্রকাশ করছে। অন্যদিকে, তিনি কঠোর পরিশ্রমের মাধ্যমে তার খামার পরিচালনা করেন। ফলে অল্প দিনের মধ্যেই তিনি সফল খামারি হিসেবে পরিচিতি পান। পরবর্তীতে তার সফলতায় উৎসাহিত হয়ে আরও অনেকেই এ কাজে এগিয়ে আসেন। এতে দেশের উন্নতি হয়। তাই বলা যায়, নায়েব আলী তার ধৈর্য, মেধা এবং কঠোর পরিশ্রমকে কাজে লাগিয়ে সফল উদ্যোক্তায় পরিণত হলেন।