উদ্দীপকের সামাদ সাহেবের মাঝে 'রানার' কবিতার রানার চরিত্রের সাদৃশ্যপূর্ণ দিকটি ব্যাখ্যা কর। (প্রয়োগ)
1 Answers
উদ্দীপকের সামাদ সাহেবের মাঝে 'রানার' কবিতার রানার চরিত্রের সাদৃশ্যপূর্ণ দিকটি হলো পেশাগত দায়িত্ববোধ।
পেশাগত দায়িত্ব পালনে অবহেলা করা উচিত নয়। অথচ বহু লোক আছে যারা দায়িত্ব ও কর্তব্য যথাযথভাবে পালন করে না। এরা দেশ, জাতি ও সমাজের উন্নতির অন্তরায়। বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অর্পিত দায়িত্ব পালনে প্রাণপাত করে। তারাই সভ্যতার নির্মাতা, অগ্রযাত্রী।
উদ্দীপকে ব্যাংকের ক্যাশিয়ার সামাদ সাহেবের দায়িত্ববোধ, সততা ও সময়নিষ্ঠার বিষয়টি তুলে ধরা হয়েছে। সামাদ সাহেব ভাইয়ের মৃত্যুসংবাদ পেয়ে বাড়িতে গেলেও পরদিন অফিসে আসতে তার দেরি হয়নি। তিনি দীর্ঘ চাকরি জীবনে সবার আগে অফিসে আসেন এবং সবার পরে যান। এই বিষয়টি তার দায়িত্ববোধের ও সময়নিষ্ঠার পরিচয় বহন করে। 'রানার' কবিতায় রানার তার পেশাগত দায়িত্ব পালনে অত্যন্ত সচেতন। পিঠে খবরের বোঝা, টাকার বোঝা নিয়ে রাতের অন্ধকারে লন্ঠন জ্বালিয়ে সে ছুটে চলে। পথে দস্যুর ভয়ের চেয়েও সে সূর্য ওঠার ভয়ে বেশি ভীত। ক্ষুধার যন্ত্রণা নিয়ে সে ছুটে চলে তার দায়িত্বের প্রতি শ্রদ্ধাশীল বলে। ক্যাশিয়ার হয়েও ক্যাশের কোনো গরমিল করেন না উদ্দীপকের সামাদ সাহেব। এ বিষয়টি 'রানার' কবিতার রানার পিঠে যে টাকার বোঝা বহন করে সে টাকা তার না ছুঁয়ে দেখার সঙ্গে সাদৃশ্যপূর্ণ। উদ্দীপক ও কবিতা উভয় ক্ষেত্রেই দুজন কর্তব্যনিষ্ঠ ও সময়নিষ্ঠ পেশাজীবী।