1 Answers
উদ্দীপকের কেউটেদেরই 'বঙ্গবাণী' কবিতার কবি দেশ ছেড়ে বিদেশে যেতে বলেছেন- মন্তব্যটি যথার্থ।
শুধু দেশের জন্য কাজ করলেই দেশপ্রেম প্রকাশ পায় না। অন্তর দিয়ে দেশকে, মাতৃভাষাকে, দেশের মানুষদের ভালোবাসাও দেশপ্রেম। সমাজের একশ্রেণির মানুষ রয়েছে যারা এদেশে জন্ম নিয়েও এ দেশকে ভালোবাসে না।
উদ্দীপকের কবি কেউটে বলতে বাংলাদেশে বসবাসরত একশ্রেণির সংকীর্ণচেতা, স্বার্থপর, শিকড়হীন পরগাছা স্বভাবের মানুষকে বুঝিয়েছেন, যারা দেশে বসবাস করলেও দেশকে ভালোবাসতে পারে না। বাংলা মা যাদের বুকের কাছে আগলে রাখে তারাই সুযোগ পেলে কেউটের মতো ছোবল মারে। কবি তাই তাদের বাংলা ছাড়তে বলেছেন। বাংলার মাদুর থেকে নামতে বলেছেন। 'বঙ্গবাণী' কবিতায়ও কবি আবদুল হাকিম অনুরূপ স্বভাবের মানুষের কথা বলেছেন যারা বাংলাতে জন্মগ্রহণ করলেও বাংলা ভাষার প্রতি উদাসীন। মাতৃভাষার প্রতি তাদের মমতা নেই। এ কারণেই কবি তাদের জন্ম-পরিচয় সম্পর্কে সন্দিহান। তিনি সেসব শেকড়হীন কেউটে মানুষকে দেশ ছেড়ে বিদেশে চলে যেতে বলেছেন।
উদ্দীপকের কবিতাংশে কবি যাদের কেউটে বলেছেন তারা এ দেশের আলো-হাওয়ায় বেড়ে ওঠা অকৃতজ্ঞ মানুষ। 'বঙ্গবাণী' কবিতার কবিও তাদের প্রতি তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। এসব দিক বিচার করে তাই বলা যায় যে, প্রশ্নোক্ত মন্তব্যটি যথার্থ।