1 Answers
উদ্দীপকের ব্যাখ্যাটি একটি লৌকিক ব্যাখ্যা ছিল। লৌকিক ব্যাখ্যাটির সাথে বৈজ্ঞানিক ব্যাখ্যার পার্থক্য বিশ্লেষণ করা হলো:
১। লৌকিক ব্যাখ্যার ভিত্তি হলো অতিপ্রাকৃত ও অলৌকিক কারণ এবং বৈজ্ঞানিক ব্যাখ্যার ভিত্তি হলো প্রাকৃতিক নিয়ম ও বাস্তব কারণ।
২। লৌকিক ব্যাখ্যার ক্ষেত্রে অধিক পরিমাণে বিচ্ছিন্ন ও বাহ্যিক সাদৃশ্যের উপর গুরুত্ব আরোপ করে কোনো ঘটনার ব্যাখ্যা দেওয়া হয়। পক্ষান্তরে, বৈজ্ঞানিক ব্যাখ্যার ক্ষেত্রে কেবল মৌলিক ও অন্তর্নিহিত সাদৃশ্যের উপর গুরুত্ব আরোপ করে কোনো ঘটনার ব্যাখ্যা দেওয়া হয়।
৩। লৌকিক ব্যাখ্যায় ঘটনাবলির মধ্যকার সাদৃশ্যের বিষয়সমূহকে কেবল অবলোকন করা হয়, এগুলোর কোনোরূপ যথার্থতা বিচার করা হয় না। অন্যদিকে বৈজ্ঞানিক ব্যাখ্যায় ঘটনাবলির মধ্যকার সাদৃশ্যের বিষয়সমূহের মূল্য ও গুরুত্ব নিরূপণ করার মাধ্যমে এগুলোর যথার্থতাও প্রতিপাদন করা হয়।
৪। লৌকিক ব্যাখ্যায় কোনো একটি ঘটনাকে বিশেষ পরিস্থিতিতে এককভাবে ব্যাখ্যা করা হয়ে থাকে। কিন্তু বৈজ্ঞানিক ব্যাখ্যায় যেকোনো ঘটনাকে প্রকৃতির সাধারণ নিয়মাবলির পরিপ্রেক্ষিতে ব্যাখ্যা করা হয়ে থাকে।
৫। লৌকিক ব্যাখ্যায় মূলত বিশেষ ঘটনাকে ব্যাখ্যা করা হয়। পক্ষান্তরে, বৈজ্ঞানিক ব্যাখ্যায় বিশেষ ঘটনার সাথে যুক্ত সাধারণ নিয়মের ব্যাখ্যা দেওয়া হয়।
৬। লৌকিক ব্যাখ্যা কেবল সংশ্লিষ্ট ঘটনাকেই ব্যাখ্যা করে। আর বৈজ্ঞানিক ব্যাখ্যা সংশ্লিষ্ট ঘটনাটির ব্যাখ্যার পাশাপাশি ঘটনাটি সংগঠনের কারণ আবিষ্কার ও প্রমাণ করে এবং একই সাথে অনুরূপ অন্যান্য ঘটনার সাথে সংশ্লিষ্ট ঘটনাটির সংযোগ 'স্থাপন করে।
৭। লৌকিক ব্যাখ্যা প্রথমেই নিশ্চিত, অপরিবর্তনীয় এবং সংশোধনাতীত সত্যরূপে গৃহীত হয়। পক্ষান্তরে, বৈজ্ঞানিক ব্যবস্থা প্রাথমিক পর্যায়ে সম্ভাবনাপূর্ণ বা পরীক্ষামূলকভাবে গৃহীত হয়ে থাকে।
৮। লৌকিক ব্যাখ্যায় ঘটনার শৃঙ্খলাবদ্ধতা থাকে না। অন্যদিকে বৈজ্ঞানিক ব্যাখ্যায় কার্যকারণ শৃঙ্খলে আবদ্ধ করে সংশ্লিষ্ট ঘটনার ব্যাখ্যা দেওয়া হয়।
৯। লৌকিক ব্যাখ্যার ভিত্তি হচ্ছে কুসংস্কার, প্রথাগত বিশ্বাস, প্রত্যাদেশ, আপ্তবাক্য বা প্রাধিকার ইত্যাদি। অন্যদিকে বৈজ্ঞানিক ব্যাখ্যার ভিত্তি হচ্ছে ইন্দ্রিয় অভিজ্ঞতালব্ধ সাক্ষ্য প্রমাণ।