1 Answers
হ্যাঁ, আমি এ বিষয়ে একমত যে, বাংলাদেশকে মধ্যম আয়ের দেশে উন্নীত করার প্রচেষ্টায় বেসরকারি সংস্থাগুলোর ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ।
বর্তমানে বাংলাদেশ উন্নয়নশীল দেশের স্তরে অবস্থান করছে। এ স্তর থেকে মধ্যম আয়ের দেশে উত্তরণে সরকারি সংস্থার পাশাপাশি বেসরকারি সংস্থা উল্লেখযোগ্য ভূমিকা রাখছে। এ সংস্থাগুলো দেশের উন্নয়নে সরকারের পাশাপাশি নানামুখী পদক্ষেপ গ্রহণ করে। যেমন- একটি দেশের উন্নয়নে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে দক্ষ ও যোগ্য মানবসম্পদ। দক্ষ মানবসম্পদ তৈরিতে বেসরকারি সংস্থাগুলো বিভিন্নভাবে ভূমিকা রাখে। এ লক্ষ্যে সংস্থাগুলো পুরুষ ও মহিলাদের সংগঠিত করে তাদের নিয়ে দল গঠন, সচেতনতা বৃদ্ধি কার্যক্রম, ব্যক্তিগত ও পারিবারিক স্বাস্থ্য উন্নয়ন, প্রশিক্ষণ দানসহ বহুবিধ কার্যক্রম পরিচালনা করে। দারিদ্র্য দূরীকরণেও বেসরকারি সংস্থার কার্যক্রম বিশেষ গুরুত্বের দাবিদার। এ জন্য সংস্থাগুলো গ্রামাঞ্চলে ভূমিহীন ও গরীব কৃষকদের মধ্যে গ্রুপ অথবা সমবায় ধরনের সংগঠন গড়ে তুলে তাদেরকে ঋণ প্রদান ও তাদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করছে। এছাড়াও সংস্থাগুলো দেশের উন্নয়নে কৃষি উন্নয়ন কার্যক্রম, গ্রাম ও শহর উন্নয়ন, নারীর ক্ষমতায়নসহ নানাবিধ কর্মকাণ্ড পরিচালনা করে উন্নয়নশীল থেকে মধ্যম আয়ের দেশে পরিণত হওয়ার বিষয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
উপরের আলোচনা শেষে এ কথা নিঃসন্দেহে বলা যায় যে, বাংলাদেশকে মধ্যম আয়ের দেশে পরিণত করতে বেসরকারি সংস্থার ভূমিকা অস্বীকার করা যাবে না। কারণ এ সংস্থাগুলো সরকারের পাশাপাশি দেশের সার্বিক উন্নয়নে নিরলস কাজ করে যাচ্ছে।