দৃশ্যপট-২ কীভাবে বাঙালি জাতিকে স্বাধীনতা সংগ্রামে উদ্বুদ্ধ করেছিল? বিশ্লেষণ করো। (উচ্চতর দক্ষতা)
1 Answers
উদ্দীপকের দৃশ্যপট-২ অর্থাৎ বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ বাঙালি জাতিকে তার অধিকার আদায়ে সোচ্চার করে স্বাধীনতা সংগ্রামে উদ্বুদ্ধ করেছিল।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭১ সালের ৭ মার্চ ঢাকার রেসকোর্স ময়দানে (বর্তমান সোহরাওয়াদী উদ্যান) এক ঐতিহাসিক ভাষণ দেন। এ ভাষণে তিনি পশ্চিম পাকিস্তানি শাসকগোষ্ঠীর শোষণ ও বঞ্চনার ইতিহাস, নির্বাচনে জয়ের পর বাঙালির সাথে প্রতারণা, বাঙালির রাজনৈতিক ইতিহাসের পটভূমি ও বাঙালির অধিকারের দাবি ইত্যাদি বিষয় তুলে ধরেন। ৭ মার্চের ভাষণের মাধ্যমেই বাঙালি ঐক্যবদ্ধ হওয়ার ও মুক্তিযুদ্ধের নির্দেশনা পায়। এ ভাষণের পরেই বাঙালি জাতির সামনে একটি মাত্র গন্তব্য নির্ধারণ হয়ে যায়, তা হলো স্বাধীনতা। ৭ মার্চে বঙ্গবন্ধুর ঘোষিত কর্মসূচি এবং আহ্বানে সাড়া দিয়ে সর্বস্তরের জনগণ ঐক্যবদ্ধ হয়। পূর্ব বাংলার সব অফিস-আদালত, শিক্ষা প্রতিষ্ঠান, কলকারখানা বন্ধ হয়ে যায়। ২৫ মার্চ রাতে পাকিস্তানি বাহিনীর গণহত্যা শুরুর পর পর বঙ্গবন্ধু প্রথম_স্বাধীনতার ঘোষণা দেন। গ্রেপ্তার হওয়ার আগে দেওয়া তার ঐ বাণী শোনার পরই চট্টগ্রামসহ দেশের বিভিন্ন জেলায় প্রাথমিক প্রতিরোধ গড়ে তোলা হয়। শুরু হয় পাকিস্তানি সেনাবাহিনীর সঙ্গে বাঙালির এক অসম লড়াই, যা বাংলাদেশের ইতিহাসে মহান মুক্তিযুদ্ধ নামে পরিচিত। এরপর ৯ মাস দীর্ঘ রক্তক্ষয়ী সংগ্রাম, ত্রিশ লক্ষ বাঙালির জীবন বিসর্জন ও দুই লক্ষ মা-বোনের সম্ভ্রমের বিনিময়ে আমরা পাই আমাদের পরম কাঙ্ক্ষিত স্বাধীনতা। স্বাধীনতা যুদ্ধের এই পুরো সময়টাতে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ মুক্তিযোদ্ধাদের অনুপ্রেরণার উৎস হিসেবে অসামান্য ভূমিকা রেখেছে।
উপরের আলোচনার পরিপ্রেক্ষিতে বলা যায়, বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ বাঙালি জাতিকে যে সংগ্রামে উদ্বুদ্ধ করেছিল, তাই আমাদেরকে এনে দিয়েছে স্বাধীন বাংলাদেশ।