1 Answers
সালাতের গুরুত্ব সম্পর্কে তানভীরের পিতার বক্তব্য ইসলামি শরিয়তের দৃষ্টিতে যুক্তিযুক্ত। ইসলামের সর্বাধিক গুরুত্বপূর্ণ ইবাদত হচ্ছে সালাত। একজন মানুষ মুসলিম কি না তা চিনবার ও জানবার পথ হলো সালাত। যদি সে সালাত আদায় করে, তাহলে ধরে নিতে হবে সে মুসলিম। আর যদি সে সালাত আদায় না করে, তবে তার অন্তর্নিহিত হৃদয়ে ইসলাম ও ইমানপ্রীতি থাকলেও ইসলামি সমাজে তাকে মুসলিম রূপে চিহ্নিত করা দুঃসাধ্য ব্যাপার। অর্থাৎ সালাত হলো দীন ইসলামের ভিত্তি বা খুঁটি। সালাত ছাড়া দীন ইসলাম কায়েম করার কথা কল্পনাই করা যায় না। উদ্দীপকে তানভীরের পিতাও এ বিষয়ের প্রতি ইঙ্গিত করেছেন।
উদ্দীপকের তানভীর ইন্টারমিডিয়েটের একজন ছাত্র। তাদের ঘর তৈরি করতে গিয়ে তার পিতা তাকে উদ্দেশ্য করে বলেন, খুঁটি ছাড়া যেমন ঘর তৈরি হয় না তদ্রুপ সালাত ছাড়া দীন পরিপূর্ণ হয় না। রাসুল (স) বলেন, 'সালাত ধর্মের স্তম্ভ। যে ব্যক্তি সালাত প্রতিষ্ঠা করে সে ইসলাম ধর্মকেই প্রতিষ্ঠা করল। আর যে ব্যক্তি সালাত ত্যাগ করল, সে যেন ইসলামকেই ধ্বংস করে ফেলল।' সুতরাং সালাত দীন ইসলামের ভিত্তি এবং এটি ব্যতীত দীন পরিপূর্ণ হয় না; যা রাসুল (স) এর বক্তব্যে প্রমাণিত। তাই বলা যায় উদ্দীপকে তানভীরের পিতার বক্তব্য ইসলামি শরিয়তের দৃষ্টিতে যুক্তিযুক্ত।