1 Answers
'অপনয়ন' শব্দের অর্থ হলো বাদ দেওয়া, পরিহার করা। বেকন এর মতে, “কোনো জটিল প্রাকৃতিক ঘটনার কারণ বা কার্য আবিষ্কার করতে হলে পরিবেশ পরিবর্তনের মাধ্যমে অপ্রয়োজনীয় বিষয়গুলো অপনয়ন করতে হয়।” পরীক্ষণাত্মক পদ্ধতিগুলো কয়েকটি অপনয়নের সূত্র বা নীতির উপর প্রতিষ্ঠিত। এ নীতিগুলো কার্যকারণ নিয়ম থেকে লব্ধ। এখানে প্রথম সূত্রটি ব্যাখ্যা করা হলো-
প্রথম সূত্র: পূর্বগের যে অংশ বাদ দিলে কার্যের কোনো ক্ষতি হয় না, সে অংশ কারণের অঙ্গ, হতে পারে না। যা কার্য সংগঠন করে, তা-ই কারণ, কারণের উপস্থিতি যেমন কার্যের উপস্থিতি বোঝায়, তেমনি কারণের অনুপস্থিতিও কার্যের অনুপস্থিতি বোঝায়। কারণের অনুপস্থিতি সত্ত্বেও কার্যের উপস্থিতি স্বীকার করলে কার্যকারণ সম্পর্কিত নিয়মের বিরোধিতা করা হবে। কাজেই আমরা নিশ্চিত হতে পারি, কোনো নিরীক্ষণাধীন ক্ষেত্রে ঘটনার যে অংশ বাদ দিলে তাতে কার্যের কোনো ক্ষতি হয় না বা কোনোরূপ তারতম্য ঘটে না তা কারণ নয়, কিংবা কারণের অংশবিশেষও নয়। মনে করা যাক, কোনো বস্তু একটি দড়ি দিয়ে বাঁধা আছে। যদি দড়িটি কেটে দেওয়ার পরও সে বস্তুটি যথাস্থানেই অনড় হয়ে থাকে তাহলে বুঝতে হবে, বস্তুটির অনড় থাকার কারণ রশিতে বাঁধা থাকা নয়। এরূপ অবস্থা অপনয়নযোগ্য, যা কারণ তা অপরিবর্তনীয় এবং কার্যের অগ্রগামী হবে। এ নীতিটি অন্বয়ী পদ্ধতির মূলভিত্তি।