1 Answers
হৃৎপিণ্ড হতে মানব শরীরে রক্ত প্রবাহের সময় ধমনিগাত্রে সৃষ্ট চাপই হলো রক্তচাপ। হৃৎপিন্ডের সংকোচন বা সিস্টোল অবস্থায় ধমনিগাত্রে রক্তচাপের মাত্রা সর্বাধিক থাকে। একে সিস্টোলিক চাপ বলে। আবার, হৃৎপিন্ডের প্রসারণ বা ডায়াস্টোল অবস্থায় রক্তচাপ সবচেয়ে কম থাকে। একে ডায়াস্টোলিক চাপ বলা হয়। নিচে মানুষের আদর্শ রক্তচাপ সম্পর্কে বর্ণনা করা হলো-
পরিণত বয়সে একজন মানুষের আদর্শ রক্তচাপ সাধারণত ১২০/৮০ মিলিমিটার মানের কাছাকাছি। রক্তচাপকে দুটি সংখ্যায় উল্লেখ করা হয়। প্রথমটি উচ্চমান এবং দ্বিতীয়টি নিম্নমান। রক্তের উচ্চ চাপকে সিস্টোলিক চাপ বলে যার আদর্শ মান ১২০ বা এর কিছু নিচে। নিম্নচাপকে ডায়াস্টোলিক চাপ বলে। এই চাপটির আদর্শ মান ৮০ বা এর নিচে। এই চাপটি হৃৎপিণ্ডের দুটি বিটের মাঝামাঝি সময় রক্তনালিতে সৃষ্টি হয়। দুধরনের রক্তচাপের পার্থক্যকে ধমনিঘাত বা নাড়ীঘাত চাপ বলা হয়। সাধারণত সুস্থ অবস্থায় হাতের কব্জিতে পাল্স-এর মান প্রতি মিনিটে ৭২। স্ফিগমোম্যানোমিটার যন্ত্রের সাহায্যে রক্তের চাপ নির্ণয় করা হয়।