1 Answers
বেশি মুনাফার আশায় নকশিকাঁথা বিপণনে জরিনার 'আড়ং' প্রতিষ্ঠানটি বেছে নেওয়া যৌক্তিক বলে আমি মনে করি।
বিভিন্ন নামি-দামি প্রতিষ্ঠানে কুটির শিল্পের উৎপাদিত পণ্য বেশ ভালো দামে বিক্রি করা হয়। প্রতিষ্ঠানগুলো কুটির শিল্পের উৎপাদিত পণ্যের চাহিদা বাড়াতেও ভূমিকা রাখে। ফলে এ শিল্পের সম্প্রসারণ এবং প্রতিযোগিতায় টিকে থাকা সহজ হয়।
উদ্দীপকের জরিনার স্বামীর সামান্য আয় সংসার চালাতে যথেষ্ট নয়। এজন্য তিনি বাড়িতেই নকশিকাঁথা তৈরি করে সেগুলো আড়ং-এ সরবরাহ করেন। এ কাজে তার পরিবারের সদস্যরা তাকে সাহায্য করে। সময়ের ব্যবধানে তার সুনাম ছড়িয়ে পড়ে এবং পরিবার আর্থিকভাবে সচ্ছল হয়।
আড়ং আমাদের দেশের একটি সুপরিচিত প্রতিষ্ঠান। এটি বিভিন্ন পণ্যের পাশাপাশি কুটির শিল্পের পণ্য বিক্রি করে থাকে। এ শিল্পের উন্নয়নে তারা সচেষ্ট। এতে জরিনা তার বানানো নকশিকাঁথা সহজে আড়ং-এ সরবরাহ করতে পারেন। আর আড়ং-এ প্রচুর ক্রেতার সমাগম হয় বলে সহজে এবং দ্রুত তার পণ্যের সুনাম চারদিকে ছড়িয়ে পড়ে। এর ফলে জরিনার পণ্যের চাহিদা বেড়েছে। আর চাহিদা অনুযায়ী পণ্য উৎপাদন ও বিক্রি করে তার মুনাফা বেড়েছে। এতে তার পরিবারে আর্থিক সচ্ছলতা ফিরে এসেছে। সুতরাং, জরিনার পণ্য বিপণনে আড়ং-কে বেছে নেওয়া যথার্থই যৌক্তিক হয়েছে।