1 Answers
আরোহ অনুমানে সম্ভাবনার গুরুত্ব প্রশ্নে যুক্তিবিদদের মধ্যে মতভেদ রয়েছে।
জেভন্স-এর মতে, বিশ্বে যত কারক শক্তি আছে তার সবগুলো সম্পর্কে যদি আমাদের জ্ঞান পূর্ণ হতো এবং তার সাথে যদি আমরা নিশ্চিতভাবে জানতে পারতাম, যে শক্তি বিশ্ব সৃষ্টি করেছেন সে শক্তি বিশ্বকে আকস্মিক পরিবর্তন ব্যতীত অস্তিত্বশীল থাকতে দেবেন, তাহলে আমাদের আরোহ অনুমান নিশ্চয়তার স্তরে উন্নীত হতে পারত। এমন অনেক কারণ থাকতে পারে, যেগুলো সম্পর্কে আমরা অবহিত নই। আর এমন অজ্ঞাত কারণগুলো থেকে যেকোনো মুহূর্তে অপ্রত্যাশিত কার্যসমূহ উদ্ভূত হতে পারে। কাজেই জেভন্স-এর মতে, আরোহের সিদ্ধান্ত সম্ভাব্য মাত্র এবং আরোহ অনুমান সম্ভবনার উপর প্রতিষ্ঠিত।
অন্যদিকে মিল, কার্ডেথ রিড ও অন্য যুক্তিবিদদের মতে, সম্ভাবনা আরোহের উপর প্রতিষ্ঠিত। আরোহ অনুমান চূড়ান্ত নিশ্চয়তাদানে অক্ষম। কিন্তু আরোহ অনুমানে আমরা আমাদের ব্যবহারিক উদ্দেশ্যের দিক থেকে প্রয়োজনীয় পর্যাপ্ত নিশ্চয়তা লাভ করি। সুতরাং আরোহ অনুমান সম্ভাবনা মাত্র নয়। কাজেই মনে হয়, জেভন্স-এর মত কিছুটা অতিরঞ্জিত। নির্ভুল মতটি হচ্ছে সম্ভাবনা আরোহের উপর প্রতিষ্ঠিত। সম্ভাব্য সিদ্ধান্তসমূহ নিরীক্ষণভিত্তিক। তবে এটি সত্য যে, সম্ভাবনা ও আরোহ একসাথে গাঁথা। সে জন্য আরোহ প্রসঙ্গে সম্ভাবনার আলোচনা গুরুত্বপূর্ণ।