1 Answers
উদ্দীপকে গ্রামবাসীর বিভিন্ন রোগে আক্রান্তের কারণ সম্পর্কে যে ব্যাখ্যা তুলে ধরা হয়েছে তা হলো লৌকিক ব্যাখ্যা। নিচে এ সম্পর্কে ব্যাখ্যা করা হলো-
কুসংস্কার ও প্রচলিত ধারণার ভিত্তিতে আলোচ্য ঘটনার ব্যাখ্যাদানের প্রক্রিয়াকে লৌকিক ব্যাখ্যা বলে। এরূপ ব্যাখ্যার মাধ্যমে অলৌকিক বিষয় দ্বারা বাহ্যিক সাদৃশ্যের ভিত্তিতে বিশেষ দৃষ্টিকোণ থেকে সংশ্লিষ্ট ঘটনাকে বিশ্লেষণ করা হয়। এককথায়, কার্যকারণ সম্পর্কে নির্ণয় না করে এবং প্রাকৃতিক নিয়মের প্রয়োগ ব্যতীত কেবল নিজস্ব বিশ্বাসের ভিত্তিতে জাগতিক ঘটনাবলি বিশ্লেষণ করার প্রক্রিয়াই হচ্ছে লৌকিক ব্যাখ্যা। লৌকিক ব্যাখ্যার সংজ্ঞা দিতে গিয়ে বলা যায়, "যে ব্যাখ্যায় অতিপ্রাকৃত সত্তা কল্পনা করে কোনো ঘটনার ব্যাখ্যা করা হয়, তাকে লৌকিক ব্যাখ্যা বলে।" যেমন: 'চন্দ্রগ্রহণ' -কে ব্যাখ্যা করতে গিয়ে যদি বলা হয়, 'রাহ্ণ নামক দানব যখন সাময়িকভাবে চাঁদকে গ্রাস করে, তখনই চন্দ্রগ্রহণ হয়', তাহলে এ ব্যাখ্যাটি হবে লৌকিক ব্যাখ্যা। কারণ এখানে চন্দ্রগ্রহণের মতো একটি প্রাকৃতিক ঘটনা অতিপ্রাকৃত বিষয় দ্বারা ব্যাখ্যা করা হয়েছে, যা একটি দুর্বোধ্য ব্যাখ্যা। কেননা সাধারণ মানুষের কাছে 'রাহু' নামক দানবের প্রকৃতি অজানা, যা তাদের কাছে বোধগম্য নয়। কাজেই আলোচ্য ব্যাখ্যাটিকে একটি লৌকিক ব্যাখ্যা হিসেবে অভিহিত করা যায়। উল্লেখ্য, যেহেতু লৌকিক ব্যাখ্যায় বৈজ্ঞানিক জ্ঞানের কোনো প্রয়োগ থাকে না, তাই একে অবৈজ্ঞানিক ব্যাখ্যা বলেও আখ্যায়িত করা যায়।
সুতরাং বলা যায়, গ্রামবাসীর বিভিন্ন রোগে আক্রান্তের কারণ সম্পর্কে যে ব্যাখ্যা তুলে ধরা হয়েছে তা কুসংস্কার ও প্রচলিত ধারণার উপর ভিত্তি করে দেওয়া লৌকিক ব্যাখ্যা।