1 Answers
দৃষ্টান্ত (ক) -এ উল্লেখিত বৈজ্ঞানিক আরোহ এবং দৃষ্টান্ত (খ) -এ উল্লেখিত অবৈজ্ঞানিক আরোহের তুলনামূলক বিশ্লেষণ নিচে দেখানো হলো-
১। বৈজ্ঞানিক আরোহ কার্যকারণ নিয়মের উপর প্রতিষ্ঠিত। এতে সিদ্ধান্ত স্থাপনের পূর্বে ঘটনাবলি যথাযথভাবে পরীক্ষা- নিরীক্ষা করে দুটি ঘটনার মধ্যে একটি কার্যকারণ সম্পর্ক আবিষ্কার করা হয়। এ সম্পর্ক আবিষ্কারের পরই কেবল বৈজ্ঞানিক আরোহে একটি সার্বিক সিদ্ধান্ত স্থাপন করা হয়। কিন্তু অবৈজ্ঞানিক আরোহ কার্যকারণ নিয়মের উপর নির্ভরশীল নয়। এতে শুধু প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতির উপর আস্থা রেখে কয়েকটি বিশেষ দৃষ্টান্তের অভিজ্ঞতা থেকে সরাসরি সিদ্ধান্তে গমন করা হয়।
২। বৈজ্ঞানিক আরোহ বিজ্ঞানের প্রতিষ্ঠিত কার্যকারণ নিয়মের উপর নির্ভরশীল। তাই এতে 'মানুষ' ও 'মরণশীলতা' -এর মধ্যে একটি কার্যকারণ সম্পর্ক আবিষ্কার ও প্রমাণের পরই কেবল 'সব মানুষ হয় মরণশীল' এ সিদ্ধান্তটি অনুমান করা হয়। ফলে এর সিদ্ধান্ত নিশ্চিত। কিন্তু অবৈজ্ঞানিক আরোহে কোনো কার্যকারণ সম্পর্ক নেই। যেমন: 'সব লাল ফুল হয় গন্ধহীন' -এতে ফুলের 'লাল রং' ও গন্ধহীনতা' -এর মধ্যে কোনোরূপ কার্যকারণ সম্পর্ক নির্ণয়ের প্রচেষ্টা ব্যতিরেকেই 'সব লাল ফুল হয় গন্ধহীন' এ সিদ্ধান্তটি অনুমান করা হয়।
৩। বৈজ্ঞানিক আরোহের সিদ্ধান্ত অনুমানে খুব সতর্কতার আশ্রয় নেওয়া হয়। একটি মাত্র দৃষ্টান্ত সতর্কতার সাথে পরীক্ষা করেই এখানে নিশ্চিত সিদ্ধান্ত স্থাপন করা যায়। কিন্তু অবৈজ্ঞানিক আরোহে তেমন কোনো সতর্কতা নেই। কাজেই এখানে হাজার হাজার দৃষ্টান্তের অভিজ্ঞতা একটি মাত্র বৈসাদৃশ্যের কারণে নস্যাৎ হয়ে যায়।
৪। বৈজ্ঞানিক আরোহে সদর্থক ও নঞর্থক উভয় প্রকার পরীক্ষা করা হয়। এতে আলোচ্য ঘটনা ঘটানোর জন্যে একদিকে যেমন অনুকূল দৃষ্টান্তসমূহ পরীক্ষা-নিরীক্ষা করা হয় অন্যদিকে তেমনি প্রতিকূল দৃষ্টান্তসমূহ পরীক্ষা-নিরীক্ষা করা হয়। কিন্তু অবৈজ্ঞানিক আরোহে কেবল সদর্থক দৃষ্টান্তগুলোই গণনা করা হয়, নঞর্থক দৃষ্টান্ত গণনা থেকে বাদ থেকে যায়।
৫। বৈজ্ঞানিক আরোহ একটি জটিল প্রক্রিয়া। কিন্তু অবৈজ্ঞানিক আরোহ একটি সহজ-সরল প্রক্রিয়া।
৬। বৈজ্ঞানিক আরোহ প্রক্রিয়া বিজ্ঞানীদের ব্যবহারযোগ্য আরোহ প্রক্রিয়া। এতে যে সিদ্ধান্ত স্থাপন করা হয়, তাকে আবারও প্রমাণ করা হয়। কিন্তু, অবৈজ্ঞানিক আরোহ সাধারণ লোকের আরোহ। এতে সিদ্ধান্ত প্রমাণের কোনো চেষ্টা নেই।
সুতরাং উপরের আলোচনা থেকে বলা যায়, বৈজ্ঞানিক আৱোহ এবং অবৈজ্ঞানিক আরোহ প্রকৃতিগতভাবে একে-অপরের থেকে আলাদা।